২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাৎসিও-উদিনেস ড্র, শীর্ষে জুভেন্টাস

লাৎসিও’র সঙ্গে উদিনেস ২-২ গোলে ড্র করায় কপাল খুলে গেছে অপরাজিত জুভেন্টাসের। নোভারাকে ২-০ গোলে হারিয়ে সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 07:32 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লাৎসিও’র সঙ্গে উদিনেস ২-২ গোলে ড্র করায় কপাল খুলে গেছে অপরাজিত জুভেন্টাসের। নোভারাকে ২-০ গোলে হারিয়ে সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে দলটি। জুভেন্টাস যেভাবে শুরু করেছিল, খেলা কিন্তু সেভাবে এগোয়নি। চার মিনিটে পাওলো কেলি আড়াআড়িভাবে বল ফেলেন প্রতিপক্ষের বিপদ সীমানায়। আলতো ছোঁয়ায় সিমোন পেপ বল পাঠিয়ে দেন জালে। গোল খেয়েই প্রাণ ফিরে আসে নোভারার খেলায়। তাই মাঝে মধ্যেই দলটির চাপ সামাল দিতে হিমশিম খেতে হয়েছে জুভেন্টাসকে। বেশ কয়েকবার ত্রাতার ভূমিকাতেও অবতীর্ণ হতে হয় অভিজ্ঞ গোলরক্ষক গিয়ানলুইগি বুফোঁকে। এমনভাবে কয়েকটি বল তিনি ঠেকিয়ে দেন যে সে কথা দর্শকদের অনেকদিন মনে থাকবে। খেলার শেষ বাঁশি বাজার ১৫ মিনিট আগে আন্দ্রেয়া পিরলোর কর্নার জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন ফ্যাবিও কুয়ালিয়ারেলা। এক বছরেরও বেশি সময় পর এই প্রথম গোলের দেখা পেলেন তিনি। খেলা শেষে জুভেন্টাস কোচ আন্তোনিও কোন্তে বলেন, “আমরা দক্ষতার সঙ্গে সুযোগ সৃষ্টি করেছি ঠিকই, কিন্তু সেই সুযোগে তুলির শেষ আঁচর বোলানোর বেলায় ততোটা দক্ষতার পরিচয় দিতে পারিনি।” জুভেন্টাসের পয়েন্ট ৩৩, এসি মিলান ও উদিনেসের চেয়ে দুই বেশি। এদিকে পথ চলার ছন্দ পেয়ে গেছে ইন্টার মিলান। খেলার ৬৩ মিনিটে আন্দ্রেয়া রানোচ্চিয়ার গোলে ১-০ ব্যবধানে সেসনাকে হারিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে দলটি। অবশ্য দশ পয়েন্ট পিছিয়ে আছে তারা জুভেন্টাসের চেয়ে। এটি ছিল দলটির ছয় খেলায় পঞ্চম জয়। রাতের অন্যান্য খেলায় কাতানিয়া ২-০ গোলে পালের্মোকে, জেনোয়া ২-১ গোলে বোলোনাকে ও রোমা ৩-১ গোলে নাপোলিকে হারায়। এছাড়া পার্মা ও লেসের খেলা ৩-৩ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৩৬ ঘ.