ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাজিলের ক্লাব এমএস সাদ স্পোর্টিং ক্লাবের সঙ্গে দুই বছরের দ্বিপাক্ষিক চুক্তি করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। চুক্তির শর্ত অনুযায়ী ক্লাব দুটির মধ্যে খেলোয়াড় আদান-প্রদান হবে।
রোববার বিকেলে মুক্তিযোদ্ধার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল অফিসে দু পক্ষের মধ্যে চুক্তি হয়। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মতিন এবং সাদ স্পোর্টিং ক্লাবের সভাপতি রোমিও দি কাস্ত্রো চুক্তিতে সই করেন।
সাদ স্পোর্টিং ক্লাব ব্রাজিলের মাতো গ্রসো দো সুল রাজ্যের প্রিমিয়ার লিগের ক্লাব। তারা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি ক্লাবের সঙ্গেও এমন চুক্তি বিনিময় করেছে।
চুক্তি অনুসারে মুক্তিযোদ্ধা ক্লাবকে ফুটবলার দেবে তারা। এছাড়া মুক্তিযোদ্ধার বয়সভিত্তিক দলের খেলোয়াড়রা ব্রাজিলে গিয়ে প্রশিক্ষণও নিতে পারবেন। ইতোমধ্যে মুক্তিযোদ্ধাকে দুই জন খেলোয়াড় দিয়েছে তারা। রাফায়েল ও লিসা নামের এই দুই ফুটবলারকে মুক্তিযোদ্ধা এ মৌসুমের জন্য নিবন্ধনও করিয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মতিন বলেন, “আমরা একটি বয়স ভিত্তিক ক্যাম্প করার চিন্তা-ভাবনা করছি। সারা দেশের মুুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা এই ক্যাম্পে প্রশিক্ষণ নেয়ার সুযোগ পাবেন। আর এদের মধ্য থেকে বাছাই করে ব্রাজিলে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।”
সাদ স্পোর্টিং ক্লাবের সভাপতি রোমিও দি কাস্ত্রো বলেন,“আমরা ফুটবলারদের শুধু প্রশিক্ষণই দেবো না। সেখানে থাকা- খাওয়াসহ সবরকম সুযোগ-সুবিধাও দেবো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০১৭ঘ.
bdnews24