২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর হ্যাট্রিক, মাদ্রিদ আবারো শীর্ষে

হ্যাট্রিক করে সমালোচনার জবাব দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার এই তিন গোলের ওপর ভর করে গত সপ্তাহে বার্সেলোনার কাছে হারার ঝাল মেটায় রিয়াল মাদ্রিদ সেভিয়াকে ৬-২ গোলে নাকাল করে। সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারানো শীর্ষ স্থান আবারো ফিরে পায় দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 06:51 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হ্যাট্রিক করে সমালোচনার জবাব দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার এই তিন গোলের ওপর ভর করে গত সপ্তাহে বার্সেলোনার কাছে হারার ঝাল মেটায় রিয়াল মাদ্রিদ সেভিয়াকে ৬-২ গোলে নাকাল করে। সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারানো শীর্ষ স্থান আবারো ফিরে পায় দলটি। অতিথি হয়ে খেলতে গিয়ে টানা ছয় খেলায় জয় পাওয়ায় লা লিগায় বার্সার চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেল মাদ্রিদ। ১৬ খেলায় দলটির পয়েন্ট ৪০। ডিসেম্বরের দশ তারিখে এল ক্লাসিকোয় বার্সার বিপক্ষে গোলের একাধিক সুযোগ নষ্ট করায় তীব্র সমালোচনার কবলে পড়েছিলেন রোনালদো। খেলেই সেই সমালোচনার জবাব দেয়ার জন্য মনে হয় প্রস্তুতি নিয়েই ছিলেন রোনালদো। খেলা শেষে তিনি বলেন, “এবার নিশ্চয় আমার সমালোচকদের মুখ বন্ধ হবে। আমার যতো মনোযোগ, তার সবই দলের ওপর। লোকজন আমাকে নিয়ে কি বললো তা আমি গায়ে মাখি না। যারা আমার সমালোচনা করেন তারা আসলে ফুটবলই বোঝেন না।” গোল তিনটি করে বার্সেলোনার লিওনেল মেসিকে টপকে গোল দাতাদের শীর্ষ স্থানও নিজের করে নিলেন রোনালদো। তার গোল সংখ্যা ২০। মেসির ১৭। খেলার প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় মাদ্রিদ। এর মধ্যে দুই গোল করেন রোনালদো, খেলার ১০ ও ৪১ মিনিটে। অপর গোলটি আসে ৩৭ মিনিটে জোসে কালেয়নের পা থেকে। তবে এই অর্ধে বড় বাঁচা বেঁচে যায় মাদ্রিদ। ত্রাতা হয়ে আবির্ভাব ঘটে গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের। নিশ্চিত দু’টো গোল রক্ষা করেন তিনি। দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে পেপ মাঠ থেকে বেরিয়ে যাওয়ায় মাদ্রিদ দ্বিতীয়ার্ধের প্রায় পুরো সময় দশজনকে নিয়ে খেলে। তারপরও কুলিয়ে উঠতে পারেনি সেভিয়া। যদিও লিগের দ্বিতীয় সেরা রক্ষণভাগ নিয়ে মাঠে নেমেছিল তারা। আসলে মাদ্রিদের দ্রুত গতির ফুটবলের সামনে অসহায় হয়ে পড়ে সেভিয়ার রক্ষণভাগ। খেলার ৬৯ মিনিটে সেভিয়ার জেসাস নাভাসের গোলের আগে অ্যাঞ্জেল ডি মারিয়া মাদ্রিদের পক্ষে চতুর্থ গোল করেন ৬৬ মিনিটে। ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রোনালদো তার হ্যাট্রিক আদায় করে নেন। দলের পক্ষে ষষ্ঠ গোল করেন হামিত আলতিনতপ ৮৯ মিনিটে। যোগ করা সময়ের প্রথম মিনিটে সেভিয়ার পক্ষে দ্বিতীয় গোল করেন আলভারো নেগরেদো। খেলা শেষে মাদ্রিদ কোচ হোসে মরিনহো বলেন, “কোনো খেলায় হারার পর স্বাভাবিক বিষয় হলো ঘুরে দাঁড়াও এবং জেতো। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে আমরা সেটাই করেছি।” বার্সার কাছে মাদ্রিদ হেরেছিল ৩-১ গোলে। রাতের অন্যান্য খেলায় গেতাফে ২-১ গোলে মালোর্কাকে এবং একই ব্যবধানে এসপানিওল স্পের্টিং গিজনকে ও অ্যাথলেটিক বিলবাও রিয়াল জারাগোজাকে হারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৪১ ঘ.