ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিয়েনাকে ২-০ গোলে হারিয়ে এবার সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে এসি মিলান। আর ‘রেলিগেশন’র ঝুঁকি বেড়ে গেছে সিয়েনার।
আন্তোনিও নসেরিনো মিলানকে এগিয়ে নেন খেলার ৫৪ মিনিটে। আর ৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন জ্লাতন ইব্রহিমোভিচ।
মিলানের পয়েন্ট ১৫ খেলায় ৩১, জুভেন্টাস ও উদিনেসের চেয়ে এক বেশি। তবে এক ম্যাচ হাতে আছে দুই দলেরই। আর ‘রেলিগেশন’ অঞ্চলের ঠিক দুই পয়েন্ট উপড়ে আছে সিয়েনা। শেষ ছয় খেলার পাঁচটিতেই হার মানে দলটি।
সিয়েনার পয়েন্ট ১৫ খেলায় ১৪।
খেলা শেষে মিলান কোচ মাসিমিলিয়ানো আলেগরি বলেন, “আমরা ভালো খেলতে পারিনি। তবে এই জয় অবশ্যই গুরুত্বপূর্ণ।”
নাটক জমে উঠেছিল ফ্লোরেন্সে। শনিবার খেলার শেষ দিকে জার্মান ডেনিস ও আন্দ্রিয়া মাসিয়েল্লো গোল করায় মনে হচ্ছিল ফিওরেন্টিনার বিপক্ষে জিতেই যাবে আটলান্টা। কিন্তু স্তেভান জভেটিসের ৮৮ মিনিটের গোলে সমতা ফিরে আসে খেলায়। ৯ মিনিটে আলবার্তো গিলর্দিনোর গোলে এগিয়ে গিয়েছিল ফিওরেন্টিনা।
রাতের অন্য খেলায় শিয়েভো ২-০ গোলে জেতে কালিয়ারির বিপক্ষে। গোল দু’টো দেন সিরিল থেরিউ ও গেন্নারো সার্দো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২১৮ ঘ.
bdnews24