ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রোববার মুখোমুখি হচ্ছে ইউরোপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ও দক্ষিণ আমেরিকা চ্যাম্পিয়ন ব্রাজিলের স্যান্তোস। ফলে ফুটবলপ্রেমীরা মেসি-নেইমারের বিরল দ্বৈরথ দেখার সুযোগ পাচ্ছেন।
খেলা হবে ইয়োকোহামায়।
তিন বছরের মধ্যে দ্বিতীয়বার সাত দলের এই প্রতিযোগিতায় ফাইনাল খেলবে স্পেনের ক্লাব বার্সেলোনা। ২০০৯ সালে লিওনেল মেসির অতিরিক্ত সময়ের গোলে শিরোপা জেতে বার্সেলোনা। ফাইনালে তারা ২-১ গোলে হারায় আর্জেন্টিনার দল এস্তুদিয়ানতেসকে।
এদিকে এবারের ফাইনালে বার্সেলোনার মাথা ব্যাথার প্রধান কারণ হয়ে দাঁড়াতে পারেন ব্রাজিলের ১৯ বছর বয়সী স্ট্রাইকার নেইমার।
বার্সা কোচ পেপ গার্দিওলা বলেন, “নেইমার খুবই বিপদজনক খেলোয়াড়। আমি একটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা আশা করছি।”
জাপান চ্যাম্পিয়ন কাশিওয়া রেইসলকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে স্যান্তোস। একটি গোল করেন নেইমার।
নেইমার সম্পর্কে বার্সালোনা অধিনায়ক কার্লোস পুয়ল বলেন, “নেইমার ডান ও বাম উভয় প্রান্ত দিয়েই খেলে। তিনি খুবই ক্ষীপ্র এবং তার খেলা আগে থেকে অনুমান করা যায় না। তাই তাকে নজরে রাখা খুব কঠিন।”
তবে পিছিয়ে নেই বার্সেলোনাও। দ্বিতীয় সারির দল নিয়ে সেমিফাইনালে এশিয়া চ্যাম্পিয়ন আল সাদকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। তার আগে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে ৩-১ গোলে বিধ্বস্ত করে মানসিকভাবে দারুণ চাঙ্গা হয়ে আছেন মেসিরা।
স্যান্তোস কোচ মুরিকি রামালহো এগিয়ে রেখেছেন বার্সাকেই। বলেন, “বার্সেলোনার সঙ্গে বল দখলের লড়াইয়ে পেরে ওঠা কঠিন। কারো পক্ষেই এটা সম্ভব নয়। আমরা তাদের উপর চাপ প্রয়োগ করতে চাই এবং ভাগ্যেরও কিছুটা সহায়তা চাই যেমন, গানসো বা এলানোর কাছ থেকে দারুণ ‘থ্রো’ বা নেইমারের ঝলক।”
“নেইমার অবশ্যই কিছু করবেন। আমি নিশ্চিত তিনি বার্সেলোনাকে ভালোই ভোগাবেন,” যোগ করেন রামালহো।
এই ম্যাচে মাঠে থাকবেন না বার্সেলোনা স্ট্রাইকার ডেভিড ভিয়া। আল সাদের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় তাকে স্পেনে ফেরত পাঠানো হয়েছে। দানি আলভেসকে জায়গা দিতে সরে দাঁড়াতে হতে পারে আদ্রিয়ানোকে। আর ফিরছেন জাভি।
এদিকে এখনো অনিশ্চিত আলেক্সিস সানচেজ। সেই ক্ষেত্রে গার্দিওলা মাঠে নামতে পারেন সেস ফ্যাব্রেগাসকে। কার্লোস পুয়লের কাঁধেই থাকতে পারে অধিনায়কত্বের দায়িত্ব। সেই ক্ষেত্রে বার্সা প্রথম একাদশে জায়গা নাও হতে পারে হ্যাভিয়ের মাসচেরানোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪১ ঘ.
bdnews24