ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা নিরসনের জন্য ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা নিয়েছেন।
ফিফা কর্মকর্তারা বহুদিন ধরে বলে আসছেন যে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি কাজ এগোচ্ছে না। এরই মধ্যে পিছিয়ে পড়েছে অনেকখানি।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার মহাসচিব জেরোম ভালকে ব্রাজিলের পার্লামেন্ট সদস্যদের জানিয়ে দিয়েছেন, কাজের গতি বাড়াতে হবে।
তার নিজের ভাষায়, “এরই মধ্যে আমরা পিছিয়ে পড়েছি। আর একটা দিনও নষ্ট করতে পারি না।”
ক্লাব বিশ্বকাপ ফাইনালের আগে ফিফার নির্বাহী কমিটির বৈঠক শেষে শনিবার এক সংবাদ সম্মেলনে ব্ল্যাটার নিজেও উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, “এ ব্যাপারে নির্বাহী কমিটি উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমি নিজেই এই বিষয়টি প্রেসিডেন্টের কাছে তুলবো। আগামী বছরের প্রথম কিংবা দ্বিতীয় মাসে ব্রাজিল গিয়ে প্রেসিডেন্টের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করবো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪২৪ ঘ.
bdnews24