২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশজনের বায়ার্নকেও থামাতে পারলো না কোলোন

আক্রমণভাগের তারকা ফ্রাঙ্ক রিবেরিকে মাঠ থেকে বের করে দেয়ার ধাক্কা সামাল দিয়ে শুক্রবার বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে জিতেছে কোলোনের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 06:14 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আক্রমণভাগের তারকা ফ্রাঙ্ক রিবেরিকে মাঠ থেকে বের করে দেয়ার ধাক্কা সামাল দিয়ে শুক্রবার বুন্ডেসলিগায় বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে জিতেছে কোলোনের বিপক্ষে। ফলে চার সপ্তাহের শীতকালীন ছুটি শুরু হওয়ার আগে অন্তত তিন পয়েন্ট এগিয়ে থাকছে দলটি। ১৭ খেলায় বায়ার্নের পয়েন্ট ৩৭। এক ম্যাচ কম খেলে ৩১ পয়েন্ট নিয়ে বরুসিয়া ডর্টমুন্ড আছে দ্বিতীয় স্থানে। খেলার ৩৩ মিনিটে হেনরিক সেরেনোর মুখে আঘাত করায় দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখেন রিবেরি। এর ঠিক ৩০ সেকেন্ড আগে ধাক্কা-ধাক্কি করার জন্য দু’জনকেই হলুদ কার্ড দেখান রেফারি। একজন খেলোয়াড় বেশি থাকার পরও কোলন তার সুবিধা নিতে পারেনি। বরং বায়ার্নের প্রাধান্য ছিল সুস্পষ্ট। বল ঘুরপাক খেয়েছে তাদেরই পায়ে পায়ে। আক্রমণও চালিয়েছে তারা বেশি। আর ঘর সামাল দিতে ব্যস্ত থাকতে হয়েছে কোলোনকে। খেলার ৪৮ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন মারিও গোমেজ। এটি নিয়ে লিগে ১৬ গোল করে গোলদাতাদের শীর্ষেই থেকে গেলেন তিনি। বদলী খেলোয়াড় দাভিদ আলবা ব্যবধান বাড়ান ৬৩ মিনিটে। ৮৮ মিনিটে কোলোনের কফিনে শেষ পেরেক ঠোকেন টনি ক্রুজ। রিবেরির আচরণ মেনে নেননি বায়ার্ন কোচ জুপ হেইঙ্কেস। তিনি বলেন, “অবশ্যই, উস্কানিমূলক আচরণ করা থেকে তার সংযত থাকা উচিত ছিল। কিন্তু আমার দল চমৎকার ও ধৈর্য ধরে খেলে গেছে।” কোলনের বিপক্ষে এটি ছয় খেলায় বায়ার্নের প্রথম জয়। আর ঘরের মাঠে ২০০২ সালের মার্চের পর প্রথম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২১০ ঘ.