ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবস প্রদর্শনী ফুটবল ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র অনায়াসে জিতেছে। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৪-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।
ম্যাচের ২১ মিনিটে স্ট্রাইকার মিঠুন চৌধুরীর গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোকনুজ্জামান কাঞ্চন।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে একটি গোল শোধ করে শেখ রাসেল। গোলদাতা ক্যামেরুনের স্ট্রাইকার আরনেস্ট ইমাকো।
তবে শেখ রাসেল সমতা ফেরাতে পারেনি। ৬১ মিনিটে মারুফ আহমেদ এবং ৮৬ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবার গোল জয় নিশ্চিত করে দেয় মুক্তিযোদ্ধার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৫ঘ.
bdnews24