ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। উপমহাদেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্যে সাফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ফিফার উর্ধ্বতন কর্মকর্তারা।
আগামী মাসে দিল্লি¬ অথবা ঢাকায় এই সভা হওয়ার কথা। ঢাকায় হওয়ার সম্ভাবনাই বেশি জোরালো।
বৃহস্পতিবার এ প্রসঙ্গে সাফ সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, “ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের সঙ্গে কয়েক দিন আগে আমার একান্ত বৈঠক হয়েছে। সেখানেই এই বৈঠকের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।”
দক্ষিণ এশিয়ার পিছিয়ে পড়া ফুটবলের উন্নয়নেই ফিফার এই উদ্যোগ। এ ব্যাপারে সালাউদ্দিন বলেন, “সাফকে আরো শক্তিশালী করতে হলে ফিফার সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন। ফিফা কর্মকর্তারাও বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন।”
মূলত অর্থের অভাবে ঘোষণা দিয়েও বেশ কয়েকটি টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি সাফ। গত মাসে ঢাকায় সাফ ক্লাব কাপ ফুটবল হওয়ার কথা ছিলো। কিন্তু টুর্নামেন্টটি এখনো আলোর মুখ দেখতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৯ঘ.
bdnews24