ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনার সামনে দাঁড়াতেই পারেনি এশীয় চ্যাম্পিয়ন আল-সাদ। কাতারের ক্লাবটিকে ৪-০ গোলে উড়িয়ে অনায়াসে ফাইনালে চলে গেছে ইউরোপ ও স্পেনের চ্যাম্পিয়নরা। রোববার ফাইনালে বার্সার প্রতিপক্ষ ব্রাজিলের স্যান্তোস।
সহজে জিতলেও পেপ গার্দিওলার দলের জন্য দুঃসংবাদ, হুমড়ি খেয়ে পড়ে গিয়ে পায়ের হাড় ভেঙ্গে ফেলেছেন নির্ভরযোগ্য স্ট্রাইকার ডেভিড ভিয়া। প্রথমার্ধের ঐ দুর্ঘটনার পর সঙ্গে-সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে।
শুরু থেকে প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে একের পর এক আক্রমণ করলেও প্রথম গোলের জন্য ২৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বার্সাকে। প্রথম গোলের জন্ম কিছুটা হাস্যকরভাবে। পেদ্রোর ক্রস আল-সাদের ডিফেন্ডার নাদির বেলহাজ ও গোলরক্ষক মোহাম্মদ সাকরকে দ্বিধায় ফেলে দিয়েছিলো। দলকে বিপদমুক্ত করার লক্ষ্যে শট নেন সাকর। কিন্তু আদ্রিয়ানোর পায়ে লেগে বল ঢুকে যায় জালে।
বিরতির মিনিট দুয়েক আগে ঐ আদ্রিয়ানোই দ্বিগুণ করেন ব্যবধান। থিয়াগো আলকানতারার পাস থেকে বাঁ পায়ের জোরালো শটে গোলটি করেন ব্রাজিলের এই ডিফেন্ডার।
৬৪ মিনিটে লিওনেল মেসির কাছ থেকে বল পেয়ে ফ্লিক করে বার্সাকে ৩-০ গোলে এগিয়ে দেন সেইডু কেইটা। ৮১ মিনিটে চতুর্থ ও শেষ গোলটি বদলি হিসেবে নামা ম্যাক্সওয়েলের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৩৬ঘ.
bdnews24