২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়েভস্কির ব্যাপারে এক মাসের মধ্যে সিদ্ধান্ত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কিকে রাখার ব্যাপারে আগামী এক মাসের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কিকে রাখার ব্যাপারে আগামী এক মাসের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। বৃহস্পতিবার বাফুফে ভবনে সাংবাদিকদের তিনি বলেন, “ইলিয়েভস্কির ব্যাপারে সিদ্ধান্ত নেবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। এখানে আমার কোনো হস্তক্ষেপ থাকবে না। তবে এই ব্যাপারে এক মাসের মধ্যেই আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো।” বাফুফে সভাপতির কথার প্রতিধ্বনি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়ের কণ্ঠেও। তিনি বলেন, “ইলিয়েভস্কিকে নিয়ে আমরা পর্যালোচনা করছি। তার ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে আরো কিছু দিন সময় লাগবে।” যদিও এর আগে ইলিয়েভস্কি সম্পর্কে সালাউদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, “সাফল্যই শেষ কথা। এই কোচ দলকে সাফল্য এনে দিতে পারেননি। তাই জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিকে আমি বলব তাকে বিদায় করে দিতে।” ২০ দিনের ছুটিতে ইলিয়েভস্কি শিগগিরিই মেসিডোনিয়ায় যাচ্ছেন। তার ছুটি মঞ্জুর করা নিয়ে কয়েক দিন ধরে জটিলতা চলছিলো। এ প্রসঙ্গে বাদল রায় বলেন, “তিনি আমাদের এখানে কাজ করছেন। তার প্রয়োজন কিংবা সুবিধা-অসুবিধা তো আমাদেরই দেখতে হবে।” সদ্য সমাপ্ত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গ্র“প পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের মধ্যে দুটোতেই হার মেনেছে তারা। অন্যটি ড্র করেছে। এই ব্যর্থতার জন্যই ইলিয়েভস্কিকে নিয়ে ফুটবলাঙ্গনে এখন সমালোচনার ঢেউ। প্রায় ৭ মাস ধরে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন ইলিয়েভস্কি। তার চুক্তির মেয়াদ এক বছর। ইলিয়েভস্কির আগে জাতীয় দলের কোচের দায়িত্ব পাওয়া ক্রোয়েশিয়ার রবার্ট রুবচিচ কাউকে কিছু না বলে দেশে ফিরে যান। তারও আগে ব্রাজিলের এডসন সিলভা ডিডো ও সার্বিয়ার জোরান দর্দেভিচকে বরখাস্ত করে প্রায় সাড়ে তিন বছর ধরে দায়িত্ব পালন করা জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯০০ঘ.