ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইতালির ‘সেরি আ’তে মঙ্গলবারের একমাত্র খেলায় ইন্টার মিলান ১-০ গোলে হারিয়েছে জেনোয়াকে। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে ইন্টার।
৬৭ মিনিটে বিজয়ী দলের একমাত্র গোলটি করেন জাপানের ডিফেন্ডার ইউতো নাগাতোমো।
১৪টি করে ম্যাচ খেলা ইন্টার ও জেনোয়ার পয়েন্ট যথাক্রমে ২০ ও ১৮। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্তাস।
ইতালিয়ান কাপের পঞ্চম রাউন্ডের একটি ম্যাচও ছিলো মঙ্গলবার। উত্তেজনায় ভরা যে ম্যাচে সিয়েনাকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন পালেরমো। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ৪-৪ গোলে অমীমাংসিত ছিলো ম্যাচটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৪০ঘ.
bdnews24