ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিজয় দিবস হকি প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। সোমবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে।
আসাদুজ্জামান চন্দনের জোড়া গোল আবাহনীর বড় জয়ের ভিত্তি। ম্যাচের ১৪ এবং ৬১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল দুটো করেন চন্দন।
আবাহনীর অন্য তিন গোলদাতা পুস্কর ক্ষিসা মিমু, রাসেল মাহমুদ জিমি ও ইকবাল নাদির প্রিন্স। নৌবাহিনীর সান্ত্বনাসূচক গোলটি শুভর।
এর আগে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনাবাহিনী ১-০ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন রাব্বি হোসেন।
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ৪-০ গোলে জিতেছে বাংলাদেশ পুলিশের বিপক্ষে। রাব্বি সালেহীন দুটি এবং জয় চক্রবর্তী ও অনিক মাহমুদ একটি করে গোল করেন।
মঙ্গলবার আবাহনী-বাংলাদেশ পুলিশ, বিকেএসপি-বাংলাদেশ বিমানবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী- বাংলাদেশ নৌবাহিনী মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০০১ঘ.
bdnews24