ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌসুম শুরুর আগে উদিনেসকে নিয়ে সংশয় ছিল সবার। কিন্তু সেই সংশয় দূর হয়ে যাচ্ছে মৌসুম গড়িয়ে চলার সঙ্গে তাল মিলিয়ে। শিয়েভোকে ২-১ গোলে হারিয়ে রোববার তারা আবারো উঠে এসেছে সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে।
আর চোখ জুড়ানো ফুটবল উপহার দিয়ে ২-২ গোলে ড্র করে এসি মিলানকে রুখে দিয়েছে বোলোনা। তাই শীর্ষে যাওয়া আর হলো না মিলানের। সন্তুষ্ট থাকতে হলো তৃতীয় স্থানে থেকে।
চতুর্থ স্থানে থেকে উদিনেস গত মৌসুম শেষ করায় বিস্মিত হয়েছিলেন অনেক ফুটবল বিশেষজ্ঞ। কিন্তু এই সাফল্যের দুই কারিগর মাঝমাঠের খেলোয়াড় গোখান ইনলার নাপোলি ও আক্রমণভাগের খেলোয়ার আলেক্সিস সানচেজ বার্সেলোনায় পাড়ি জমানোয় ধারণা করা হচ্ছিল এ মৌসুমে আর এতোটা সাফল্য পাবে না দলটি। বরং হিমশিম খেতে হবে পরতে পরতে।
কিন্তু মাঠে ঘটছে ঠিক এর উল্টো ঘটনা। আন্তোনিও নাতালের মৌসুমের দশম ও দুসান বাস্তার গোলের সুবাদে ১৪ খেলায় ৩০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠে গেছে দলটি। শিয়েভোর পক্ষে সান্ত্বনার গোলটি দেন আলবার্তো পালোশি, ৮৩ মিনিটে।
নাতালে তার গোলটি করেন ৬৮ মিনিটে। প্রতিপক্ষের জালে বাস্তা বল পাঠান এর এগারো মিনিট পর।
বোলোনার মাঠে স্বাগতিক দলের পক্ষে গোল দু’টো করেন মার্কো ভাইও ও আলেসান্দ্রো দিয়ামান্তি। আর মিলানের পক্ষে ক্লেয়ারেন্স সিড্রফ ও জ্লাতন ইব্রাহিমোভিচ গোল দু’টো দেন। ইব্রাহিমোভিচ অবশ্য পেনাল্টি থেকে গোল করেন।
১৪ খেলায় ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মিলান। দ্বিতীয় দল জুভেন্টাসের পয়েন্ট ২৯ হলেও এক খেলা হাতে আছে দলটির।
রাতের অন্যান্য খেলায় আটলান্টা ১-১ গোলে ড্র করে দশজনের কাতানিয়ার সঙ্গে। কালিয়ারি ও পার্মার খেলা গোলশূন্যভাবে শেষ হয়। এছাড়া ১-১ গোলে ড্র করে নাপোলি ও নোভারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২৬ ঘ.
bdnews24