ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা চাইলে দেশে ফিরে যেতে প্রস্তুত আছি বলে জানিয়েছেন জাতীয় দলের মেসিডোনীয় নিকোলা ইলিয়েভস্কি। তবে সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার বোঝা নিজ কাঁধে নিতে নারাজ তিনি।
রোবাবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানিয়েছেন, “আমার চাকরির প্রস্তাব আছে অন্যদেশে। শুধু যে বাংলাদেশেই থাকতে হবে তা কিন্তু নয়। তবে কোন দেশ থেকে প্রস্তাব এসেছে তা এখনই বলতে চাই না।”
“সাফে ব্যর্থতার জন্য আমাকেই দায়ী করা হচ্ছে। আমি বলবো এটি ভুল ধারণা। আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি খেলোয়াড়দের কাছ থেকে তাদের সেরা পারফরম্যান্স বের করে আনতে,”যোগ করেন ইলিয়েভস্কি।
বাংলাদেশ কোচের মতে এই দল নিয়ে ভালো কিছু করা ঠিক ছিল না। এ ব্যাপারে তিনি বলেন, “খেলোয়াড়দের ফিটনেসে এতোটাই ঘাটতি ছিল যে, পুরো ৯০ মিনিট খেলানোর মতো কেউ নেই। শুধুমাত্র মিডফিল্ডার মামুনুল ইসলামকে সবার চেয়ে আলাদা করা যায়।”
“অনেকেই হয়তো বলে থাকেন যে প্রতি ম্যাচেই খেলোয়াড় অদল-বদল হয়েছে বেশি। আসলে আমার হাতে বিকল্প কোন রাস্তা ছিল না। তাছাড়া কোন খেলোয়াড়ই নিজের পজেশনে থেকে খেলতে পারছে না। এটা দলের জন্য একটা বড় সমস্যা ছিল, ” বলেন এই মেসিডোনীয় কোচ।
তাছাড়া বাফুফের উচিত ছিল অক্টোবরে লিগ শুরু করে দেয়া। ফুটবলাররা খেলার মধ্যে থাকলে ফিটনেসের ঘাটতি এতোটা থাকতো না বলে জানান এই জাতীয় দলের কোচ।
এদিকে ইলিয়েভস্কি কয়েকদিনের মধ্যেই ছুটিতে নিজ দেশে যাচ্ছেন। বড়দিনের ছুটি কাটাতে এবং পাসপোর্ট সমস্যা সারতে মূলত তিনি মেসিডোনিয়ায় যাচ্ছেন।
এই যাওয়াই শেষ যাওয়া কিনা? এর জবাবে ইলিয়েভস্কি বলেন, “৩০ মে পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে। তাহলে আমি কেনো এভাবে চলে যাবো। তবে বাফুফে চাইলে আমি এখনই চলে যাবো।”
দিল্লি সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়। তিন ম্যাচের দুটিতে হার এবং একটিতে ড্র করেছেন সুজনরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৪০ঘ.
bdnews24