ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এল ক্লাসিকোর ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের খেলোয়াড় করিম বেনজেমা। খেলা শুরু হওয়ার ২৩ সেকেন্ডের মধ্যে গোল করেন তিনি।
সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার রাতে বার্সা গোলরক্ষক ভিক্টর ভালদেসের ভুল ‘পাস’ পেয়ে যান অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপর আড়াআড়িভাবে বল ফেলেন তিনি প্রতিপক্ষের বিপদ সীমানায়। খুব কাছ থেকে শট নেন বেনজেমা। বলটি ঠেকানোর সাধ্য ছিল না ভালদেসের।
এই গোলের ওপর ভর করে এগিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি হোসে মরিনহোর দলের। পেপ গার্দিওলার দলের কাছে হার মানতে হয় ৩-১ গোলে।
এর আগে এক মিনিটের মধ্যে গোল করার রেকর্ড রয়েছে কেবল বার্সার সাবেক ‘উইঙ্গার’ ফ্রান্সিকো হোসে কারাসকো ও মাদ্রিদের আক্রমণভাগের সাবেক খেলোয়াড় এনরিক মাতেওসের। কারাসকো তার গোলটি করেন ১৯৮৭-৮৮ মৌসুমে। আর মাতেওস গোলটি দেন ১৯৬০-৬১ মৌসুমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪৯ ঘ.
bdnews24