২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে পড়েও রিয়ালের বিপক্ষে বার্সার অসাধারণ জয়

শুরুতে গোল খেয়েও দারুণভাবে ফেরা পেপ গার্দিওলার দল বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। এ জয় তাদের নিয়ে এসেছে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2011, 04:19 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজেদের মাঠে বার্সেলোনাকে হারানো ভুলেই গেছে রিয়াল মাদ্রিদ। মাত্র ২৩ সেকেন্ডে করিম বেনজেমার গোলে এগিয়ে গিয়ে এবার কিন্তু জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল হোসে মরিনহোর দল। সেই স্বপ্ন ভেঙে দিয়ে শেষ পর্যন্ত নিজেদের মতো করে চিত্রনাট্য লিখলেন পেপ গার্দিওলার ছেলেরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিতলেন তারা ৩-১ গোলে। সান্তিয়াগো বার্নাব্যুতে বৈরী দর্শকদের সামনে ফুটবলের ধ্র“পদি রঙও ফুটিয়ে তোলেন তারা। দেয়া-নেয়া করে বল নিজেদের পায়ে রেখে প্রতিপক্ষকে চেপে ধরা বার্সার খেলার সাধারণ কৌশল। এবারো তার ব্যতিক্রম হয়নি। খেলার শেষের দিকে গোল ব্যবধান আরো বাড়াতেও পারতো তারা। নিতান্তই ভাগ্য সঙ্গে ছিল না বলে হযনি। দলের পক্ষে চতুর্থ গোল দেয়ার সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও জাভি, তিনজনের সবাই। বর্ষসেরা ফুটবলার মেসি গোল না পেলেও আলো ছড়িয়েছেন ঠিকই। বার্সার সমতায় ফেরা গোলের উৎস ছিলেন তিনিই, গোল করার কাজ অত্যন্ত সহজ করে দেন আলেক্সিস সানচেজকে। অন্যদিকে রাতটা মোটেও ভালো কাটেনি মাদ্রিদের সাবেক বর্ষসেরা ক্রিশ্চিয়ানো রোনালদোর। গোলের একাধিক সহজ সুযোগ নষ্ট করেন তিনি। এর মধ্যে মাথা দিয়ে গোল করার চমৎকার একটি সুযোগ পান তিনি দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়। কিন্তু একে কাজে লাগাতে পারেননি। শুরুটা কিন্তু মোটেও ভালো হয়নি বার্সার। গোলরক্ষক ভিক্টর ভালদেসের ভুলে গোল খেয়ে বসে বর্তমান চ্যাম্পিয়নরা। ঘড়ির কাটা তখন ৩০ সেকেন্ডও ছোঁয়নি। ভালদেসের ভুল ‘পাস’ পেয়ে যান অ্যাঞ্জেল ডি মারিয়া। এরপর আড়াআড়িভাবে বল ফেলেন তিনি প্রতিপক্ষের বিপদ সীমানায়। খুব কাছ থেকে শট নেন বেনজেমা। বলটি ঠেকানোর সাধ্য ছিল না ভালদেসের। এটি ছিল এল ক্লাসিকোর ইতিহাসে দ্রুততম গোল। প্রত্যেকটার মতো এই খেলাতেও কড়া নজরে রাখা হয় মেসিকে। কিন্তু সব ‘মার্কার’কে ফাঁকি দিয়ে সানচেজকে শট নেয়ার জন্য একেবারে ফাঁক জায়গায় বল ঠেলে দেন তিনি খেলার ৩০ মিনিটে। দৌড়ে এসে প্রচণ্ড শট নেন সানচেজ। গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের পাশ দিয়ে বল আশ্রয় নেয় জালের এক কোণে। দ্বিতীয়ার্ধের আট মিনিটে পেনাল্টি এরিয়ার ঠিক বাইরে থেকে তীব্র শট নেন জাভি। মাদ্রিদের রক্ষণভাগের খেলোয়াড় মার্সেলোর গায়ের পর পোস্টে লেগে বল চলে যায় গোল-লাইন অতিক্রম করে। খেলার ৬৬ মিনিটে দানিয়েল আলভেস ডান প্রান্ত থেকে উঁচু করে বল ফেলেন প্রতিপক্ষের বিপদ সীমানায়। ঝাঁপিয়ে পড়ে মাথা দিয়ে বল কাক্সিক্ষত ঠিকানায় পাঠিয়ে দেন আর্সেনালের সাবেক অধিনায়ক সেস ফ্যাব্রেগাস। এই গোলটির কথা দর্শকরা নিঃসন্দেহে মনে রাখবেন অনেকদিন। ২০০৭-০৮ মৌসুমের শেষ দিকে গার্দিওলার দায়িত্ব নেয়ার পর এটা ছিল ১২টি এল ক্লাসিকোর মধ্যে তার অষ্টম জয়। এর ফলে ১৬ খেলায় ৩৭ পয়েন্ট নিয়ে মাদ্রিদকে শুধু ধরেই ফেললো না, দলটিকে টপকে বার্সা উঠে গেলো পয়েন্ট তালিকার শীর্ষে। মাদ্রিদের পয়েন্ট ৩৭ হলেও গোল ব্যবধানে এগিয়ে আছে তাদের চিরদিনের প্রতিপক্ষরা। একটি খেলা অবশ্য হাতে আছে মরিনহোর দলের। খেলা শেষে বার্সার ‘পে¬মেকার’ জাভি বলেন, “আমার মনে হয় প্রথম মিনিটের ভুলের পরও মাদ্রিদের চেয়ে আমরা অনেক ভালো খেলেছি।” “আমরা সাহসের সঙ্গে খেলেছি। কেননা আমরা জানতাম যে এছাড়া অন্য কোনোভাবে জিততে পারবো না,” যোগ করেন তিনি। রাতের বাকি দুই খেলায় লেভান্তে ১-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। রিয়াল বেটিস ২-১ গোলে জিতেছে ভালেন্সিয়ার বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/টিআর/০৮৪১ ঘ.