২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়েভস্কিরও বিদায় আসন্ন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মেসিডোনিয়ান কোচ নিকোলা ইলিয়েভস্কিরও বিদায় আসন্ন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বাফুফে সভাপতির কথায় তা স্পষ্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মেসিডোনিয়ান কোচ নিকোলা ইলিয়েভস্কিরও বিদায় আসন্ন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বাফুফে সভাপতির কথায় তা স্পষ্ট। সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের বলেন, “সাফল্যই শেষ কথা। এই কোচ দলকে সাফল্য এনে দিতে পারেননি। তাই জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিকে আমি বলব তাকে বিদায় করে দিতে।” তবে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি এ ব্যপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে বাফুফে ভবনে সাংবাদিকদের বলেন কমিটির চেয়ারম্যান বাদল রায়। শনিবার বাফুফে ভবনে তিনি বলেন, “ইলিয়েভস্কিকে বিদায় করে দেওয়ার কোনো সিদ্ধান্ত আমরা এখনও নিইনি। তবে সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতার দায়িত্ব কোচকেই নিতে হবে। অচিরেই আমরা এ ব্যাপারো একটা সিদ্ধান্ত নেব।” সাফে বাংলাদেশের ব্যর্থতার জন্য তাকে দায়ী করা নিয়ে ইলিয়েভস্কি বলেন, “প্রস্তুতির জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও সময় পাইনি। তাছাড়া ফুটবলারদের কাছ থেকেও আমি পূর্ণ সহযোগিতা পাইনি। তাই প্রত্যাশিত ফল পাওয়া যায়নি।” “সাফ চ্যাম্পিয়শিপের আগে থেকেই আমাকে বিদায় করে দেওয়ার পরিকল্পনা চলছিল” দাবি করে মেসিডোনিয়ান এই কোচ বলেন, “এমন পরিবশে কাজ করাটা খুবই কঠিন।” সদ্য সমাপ্ত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম পর্ব থেকেই বিদায় নেয়। তিন ম্যাচের দুটিতে হার এবং একটিতে ড্র করে বাংলাদেশ। ইলিয়েভস্কি প্রায় সাত মাস ধরে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এক বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়। এর আগে ক্রোয়েশীয় কোচ রবার্ট রুবচিচ কাউকে কিছু না বলে নিজ দেশে ফিরে যান। বাফুফের এই কমিটির প্রায় সাড়ে তিন বছরে জাতীয় ফুটবল দলের জন্য এর আগে আরো দুজন কোচ নিয়োগ দেওয়া হয়। এরা হলেন- ব্রাজিলিয়ান এডসন সিলভা ডিডো ও সার্বিয়ান জোরান দর্দেভিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/২০১৬ ঘ.