ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের শীর্ষ দল ম্যানচেস্টার সিটির কাছে সোমবার হেরে গেলে শিরোপার আশা ছেড়ে দিতে হবে বলে স্বীকার করেছেন চেলসি কোচ আন্দ্রে ভিলাস বোয়াস।
ঘরের মাঠে গত মঙ্গলবার ভালেন্সিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতে শেষ ষোলোতে জায়গা করে নিলেও প্রিমিয়ার লিগে মোটেও সুবিধা করতে পারছে না চেলসি। পয়েন্ট তালিকায় দলটি আছে চার নম্বরে। অপরাজিত ম্যান সিটির চেয়ে ১০ পয়েন্ট কম।
চেলসির পয়েন্ট ২৮।
ভিলাস বোয়াস সাংবাদিকদের বলেন, “ম্যান সিটির সঙ্গে জিতলে কিংবা ড্র করলে আমরা শিরোপার দৌড়ে থাকবো আমরা। কিন্তু হেরে গেলে খুবই কঠিন হয়ে পড়বে।”
“শিরোপার দৌড় থেকে সরে দাঁড়াচ্ছি না, সে উপায়ও নেই। কিন্তু ১৩ পয়েন্টের পার্থক্য মোটেও কম নয়, বরং বিশাল,” যোগ করেন তিনি।
এ মৌসুমে ম্যান সিটি এগিয়ে চলেছে প্রতিপক্ষ দলগুলোকে নাজেহাল করে। ১৪ খেলায় হারিয়েছে মাত্র চার পয়েন্ট। গোল করেছে ৪৮টি। তবে ধাক্কা খেয়েছে তারা বুধবার। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-০ গোলে জেতার পরও বিদায় নিতে হয় চ্যাম্পিয়ন্স লিগ থেকে।
রবার্তো মানচিনির দলের প্রশংসা করে ভিলাস বোয়াস বলেন, যতোই জিতছে, ততোই তারা মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠছে। ফলে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান থেকে তাদের হঠানো প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে পড়ছে।
ভিলাস বোয়াস বলেন, ম্যানচেস্টার সিটির মতো মান সম্পন্ন দলের দুর্বলতা বের করা খুবই কঠিন। অসাধারণ ফুটবল খেলে যোগ্য দল হিসেবেই তারা পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বলে মনে করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫৭ ঘ.
bdnews24