ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হার্থা বার্লিনকে ২-১ গোলে হারিয়ে বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠেছে শালকে।
বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়নে খেলার ২০ মিনিটে শালকেকে এগিয়ে নেন ক্লাস হান্টেলার। নিজেদের বিপদ সীমানা থেকে বল ‘ক্লিয়ার’ করার চেষ্টা করেও পারেননি বার্লিনের রক্ষণভাগের খেলোয়াড় আন্দ্রে মিয়াতোভিচ। বরং বল নিয়ন্ত্রণে নিয়ে নেন হান্টেলার। এরপর বার্লিনের গোলরক্ষক টমাস ক্রাফ্টের পাশ দিয়ে বল পাঠিয়ে দেন জালে।
এটি নিয়ে মোট ১৪টি গোল করে লিগে গোলদাতাদের তালিকায় শীর্ষে আছেন হান্টেলার। এছাড়া এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ২৫ খেলায় ২৫ গোল করলেন তিনি।
পাঁচ মিনিট পর টিমু পুক্কি ব্যাবধান বাড়ানোর সহজ একটা সুযোগ পান। কিন্তু কাজে লাগাতে পারেননি। হান্টেলার ‘ব্যাকহিল’ করে বল ঠেলে দেন পুক্কির কাছে। খুব কাছ থেকে শট নিয়েও গোল করতে পারেননি তিনি।
এর পরের মিনিটেই আদ্রিয়ান রামোস খেলায় ফেরান বার্লিনকে। শালকের রক্ষণভাগের দুই খেলোয়াড়কে টপকে মাথা দিয়ে কর্নার কিক পাঠিয়ে দেন তিনি প্রতিপক্ষের জালে।
পুক্কি অবশ্য আগের ভুলের ক্ষতি পুষিয়ে দেন খেলার ৪৪ মিনিটে। রাউল গঞ্জালেসের কাছ থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে প্রচণ্ড শট নেন তিনি। বল চলে যায় কাক্সিক্ষত ঠিকানায়।
শালকে ১৬ খেলায় ৩১ পয়েন্ট নিয়ে আছে তালিকার দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেললেও ৩১ পয়েন্ট বায়ার্ন মিউনিখেরও। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দলটি আছে শীর্ষে। ১৬ খেলায় বালিনের পয়েন্ট ১৯।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১১ ঘ.
bdnews24