ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - “এল ক্লাসিকো নয়, এ মুহূর্তে সবচেয়ে গুরত্বপূর্ণ ঘটনা হচ্ছে ইউরোপের অর্থনৈতিক সঙ্কট নিরসনে আয়োজিত ইউরো সম্মেলন।” শুনে মনে হতে পারে কোনো অর্থনীতিবিদ বা রাজনীতিকের কথা। কিন্তু আসলে তা নয়। মন্তব্যটা বার্সেলোনার কোচ পেপ গার্দিওলার। শনিবার (বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ৩টা) স্পেনের লা লিগার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।
তবে গার্দিওলা মুখে যা-ই বলুন, এক ম্যাচ বেশি খেলে চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ পয়েন্ট পিছিয়ে থাকা বার্সেলোনার জন্য ম্যাচটার গুরুত্ব কী, তা তার চেয়ে বেশি আর কে জানে! লড়াইটা রিয়ালের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে হবে বলে বার্সা কোচের দুশ্চিন্তা আরো বেশি হওয়ার কথা।
এল ক্লাসিকো অর্থাৎ রিয়াল-বার্সা লড়াইয়ে ইদানিং গার্দিওলার দলের দুর্দান্ত সাফল্য।
সর্বশেষ পাঁচটি লড়াইয়ের চারটিতেই রিয়ালকে হারিয়েছে বার্সা। এর মধ্যে গত বছরের নভেম্বরে লা লিগায় মরিনহোর দলকে তারা উড়িয়ে দিয়েছিলো ৫-০ গোলে। তবে ওই রিয়াল আর এবারের রিয়ালের মধ্যে অনেক পার্থক্য আছে বলে মনে করেন বার্সেলোনার প্লে-মেকার জাভি হার্নান্দেজ।
তিনি বলেন, “রিয়াল এই মুহূর্তে দারুণ খেলছে। লিগে ১১টি জয় পেয়েছে তারা এবং আমাদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে আছে। সব মিলিয়ে তারা আমাদের চেয়ে সুবিধাজনক অবস্থায় আছে। অবশ্য এল ক্লাসিকোতে এ সব কোনো ব্যাপার নয়। এই ম্যাচে যে কোনো কিছুই ঘটতে পারে।”
“গত তিন-চার বছরের মধ্যে রিয়াল এখন সবচেয়ে ভালো অবস্থায় আছে। আমার ধারণা ম্যাচটা খুব কঠিন হবে এবং ওরা আবারও গা-জোয়ারি ফুটবল খেলবে,” যোগ করেন তিনি।
জাভির এমন আশঙ্কার কারণ, মরিনহোর অধীনে এল ক্লাসিকোতে রিয়ালের ৬ জন লাল কার্ড দেখেছেন এখন পর্যন্ত। অন্যদিকে বার্সেলোনার হয়ে লাল কার্ড পেয়েছেন দুজন।
লিগে ১৪ ম্যাচ খেলে রিয়ালের সংগ্রহ ৩৭ পয়েন্ট। আর ১৫ ম্যাচ থেকে বার্সার অর্জন ৩৪ পয়েন্ট। অর্থাৎ শনিবার হেরে গেলে এক ম্যাচ বেশি খেলে ৬ পয়েন্টে পিছিয়ে পড়বে বার্সা। আর তা হলে টানা চতুর্থ শিরোপার স্বপ্ন অনেকখানি ফিকে হয়ে যাবে তাদের।
স্পেনের হ্যাটট্রিক চ্যাম্পিয়নদের সময়টা তেমন ভালোও যাচ্ছে না এবার। গত তিন মৌসুমে ‘অন্য গ্রহের’ ফুটবল খেলা দলটি এবার কেমন যেন অনুজ্জ্বল!
অবশ্য বার্সার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা যথারীতি লিওনেল মেসি। সান্টিয়াগো বার্নাব্যুতে মেসি মানেই গোল। এই মাঠে সর্বশেষ ৫টি এল ক্লাসিকোতে ৭টি গোল করেছেন গত দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। নিঃসন্দেহে শনিবারও এই আর্জেন্টাইন তারকাকে আটকানোই হবে রিয়ালের সবচেয়ে বড় পরীক্ষা।
অন্যদিকে বার্সার বিপক্ষে হোসে মরিনহোর ব্যর্থতা একটু বিস্ময়করই। চেলসি, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে বার্সেলোনার বিপক্ষে ৭ বার হারের যন্ত্রণায় পুড়তে হয়েছে তাকে। বিপরীতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গার্দিওলার ঈর্ষণীয় সাফল্য। স্পেনের সফলতম ক্লাবের বিপক্ষে বার্সার কোচ হিসেবে ৭ বার জয়ের আনন্দে ভেসেছেন তিনি।
সা¤প্রতিক সময়েও এল ক্লাসিকো রিয়ালের জন্য দুঃস্বপ্নের প্রতিশব্দ। সর্বশেষ ১১টি লড়াইয়ে মাত্র একবারই বার্সাকে হারাতে পেরেছে রিয়াল। বাকি ১০ ম্যাচের ৭টিতেই জিতেছে বার্সা। অন্য তিন ম্যাচ ড্র ।
গত মৌসুমে প্রতিপক্ষের মাঠে টানা ১২টি জয়ের রেকর্ড গড়া বার্সা এবার অবশ্য বেশ নি®প্রভ। এবারের লা লিগায় ১০টি ‘অ্যাওয়ে’ ম্যাচের মাত্র ৩টিতে জিততে পেরেছে তারা।
বরং রিয়াল মাদ্রিদ আছে দারুণ ছন্দে। লিগে টানা ১০টি ম্যাচ জিতে তারা এখন আত্মবিশ্বাসের তুঙ্গে। মরিনহোর লক্ষ্য, ১৯৬০-৬১ মৌসুমে লিগে রিয়ালের টানা ১৫ জয়ের ক্লাব রেকর্ড ভেঙ্গে দেয়া।
লা লিগায় এ পর্যন্ত ১৬৩ বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে রিয়াল জিতেছে ৬৯ বার ও বার্সেলোনা ৬৩ বার। ড্র হয়েছে বাকি ৩১টি ম্যাচ।
আর সব মিলিয়ে ২১৫টি মুখোমুখি লড়াইয়ে রিয়ালের জয় ৮৬ আর বার্সার ৮৪টি। বাকি ৪৫ ম্যাচ অমীমাংসিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৫৬ঘ.
bdnews24