ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিলের জীবন্ত কিংবদন্তী পেলেকে ছাড়িয়ে যাওয়ার কথা ভাবতেই পারেন না স্যান্তোসের চমক নেইমার। এমন কি, তার মতো হওয়ার কথাও চিন্তা করেন না। তবে বার্সেলোনার লিওনেল মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় বলে মানছেন তিনি। যদিও মেসির আগে তাকেই স্থান দিয়েছেন পেলে।
১৯ বছর বয়সী নেইমারকে ফুটবল বিশেষজ্ঞরা মনে করে থাকেন বিশ্বের সব চেয়ে সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় হিসেবে। রিয়াল মাদ্রিদসহ ইউরোপের অনেক ক্লাব তাকে দলে টানতে চেয়েছিল।
কিন্তু কোপা লিবারতাদোরেস চ্যাম্পিয়নদের সঙ্গে গত মাসে নেইমার তার চুক্তির মেয়াদ বাড়ান আরো দুই বছর। ক্লাব ওয়ার্ল্ড কাপে তার দলের প্রথম ম্যাচের আগে জাপানের নাগোয়ায় এক সংবাদ সম্মেলনে নেইমার বলেন, পেলের সঙ্গে তার তুলনা করা মোটেও ঠিক নয়, বরং তা রীতিমতো ভুল।
তার নিজের ভাষায়, “পেলে একজনই। ফুটবলের রাজাও তিনি।”
“তার স্তরে পৌঁছার কথা আমি চিন্তাও করতে পারি না,” যোগ করেন নেইমার।
তিনি বলেন, “আমি কোনো কিছু প্রমাণ করার জন্য এখানে আসিনি। আমি এসেছি আমার দলের জন্য খেলতে ও শিরোপা জিততে।”
মেসি সম্পর্কে নেইমরা বলেন, “আমি সব সময় বলে আসছি যে মেসিই বিশ্বের সেরা। তাকে আটকানো খুবই কঠিন। তাই আমরা তার গতি মন্থর করে দেয়ার উপায় খুঁজছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৪ ঘ.
bdnews24