ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের কিংস কাপে পেনাল্টি থেকে গোল করতে না পারার খেসারত দিতে হলো আতলেটিকো মাদ্রিদকে। বৃহস্পতিবার লা লিগার দলটি ২-১ গোলে হেরে গেছে তৃতীয় স্তরের দল আলবাকেতের কাছে।
আলবাকেতকে দুর্বল দল ভেবে প্রথম একাদশের বেশির ভাগ খেলোয়াড়কে বিশ্রাম দেন কোচ মানজানো। কিন্তু খেলোয়াড়দের মাঠে নামার পর দেখতে হয় তাকে উল্টো চিত্র। নিজেদের মাঠ কার্লোস বেলমন্তে স্টেডিয়ামে ৩১ মিনিটে পেনাল্টি-গোলে এগিয়ে যায় আলবাকেত। আলভারো দমিঙ্গুয়েজের হাতে বল লাগায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে পেনাল্টি পায় আতলেটিকো। শট নেন স্পেনের অনূর্ধ্ব-২১ দলের সদস্য আদ্রিয়ান। কিন্তু বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে। আলবাকেত অধিনায়ক মিগুয়েল বোরেগুয়েরো প্রতিপক্ষ খেলোয়াড় হুয়ানফ্রানকে মাটিতে ফেলে দিলে পেনাল্টিার নির্দেশ দেন রেফারি। সেই সঙ্গে লাল কার্ড দেখান বোরেগুয়েরোকে।
দশ মিনিট পর আলবাকেতের আক্রমণভাগের খেলোয়াড় আন্তোনিও সানচেজ দে লা কায়েকে ফেলে দেয়ার খেসারত দিয়ে দমিঙ্গুয়েজকেও বেরিয়ে যেতে হয় মাঠ থেকে।
এর ফলে পাওয়া ফ্রি-কিক আতলেটিকোর খেলোয়াড়দের গড়ে তোলা দেয়ালের ওপর দিয়ে জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান স্বাগতিক দলের রক্ষণভাগের খেলোয়াড় জুর্দো।
রেফারির খেলা শেষের বাঁশি বাজানোর ২০ মিনিট আগে এক গোল শোধ করেন আদ্রিয়ান।
আতলেটিকো হার মানলেও লা লিগায় দলটির প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও ১-০ গোলে জিতেছে আরেকটি তৃতীয় স্তরের দল রিয়াল ওভিয়েদোর বিপক্ষে। খেলার ১১ মিনিটে জয়সূচক গোলটি করেন আক্রমণভাগের খেলোয়াড় অস্কার মার্কোস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৩৪ ঘ.
bdnews24