২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়েভস্কিকেই দায়ী করছেন বাদল রায়

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কিকে দায়ী করছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদল রায়। এই ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কিকে দায়ী করছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদল রায়। এই ব্যর্থতা কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বাদল রায় বলেন, “আমাদের দল প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয়ার মতো এতো খারাপ নয়। বরং দলটি চ্যাম্পিয়ন হওয়ার মতো । কিন্তু আমরা ভালো করতে পারিনি শুধু মাত্র কৌশলগত ভুলের কারণে।” “কোচ তার কৌশলে কিছু পরিবর্তন আনলেই আমাদের দলের পারফরম্যান্স আরো ভালো হতো। কোচকে আমরা পূর্র্ণ স্বাধীনতা দিয়েছি। তার কোনো কাজে আমরা কখনোই হস্তক্ষেপ করিনি। তারপরও কেন এমন হলো তা আমাদের ভেবে দেখতে হবে,” যোগ করেন তিনি। প্রত্যেক ম্যাচেই দলে একাধিক পরিবর্তন আনায় ইলিয়েভস্কির কোচিং কৌশল নিয়ে সমালোচনা হচ্ছে এখন। এ সম্পর্কে বাদল রায় বলেন, “আমি শেষ ম্যাচটি মাঠে বসে দেখেছি। আমার কাছে কখনোই মনে হয়নি খেলোয়াড়রা খারাপ খেলেছেন। আসলে কৌশলগত দুর্বলতার জন্যই আমাদের হারতে হয়েছে।” “আমরা অচিরেই বিষয়টি নিয়ে বসবো। ব্যর্থতার কারণ কোচ এবং খেলোয়াড়দের কাছে জানতে চাইবো। তার পরই সিদ্ধান্ত নেবো, ” যোগ করেন তিনি। তাহলে কি বিদায় নিতে হবে ইলিয়েভস্কিকেও? এই প্রশ্নের জবাবে বাদল রায় বলেন, “এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে চাই না। তবে কোচকে নিয়ে আমাদের ভাবতে হবে। সে ভাবনাটা কেমন, তা সময়ই বলে দেবে।” বিডিনিউজ টোয়েন্টিরেফার ডটকম/এমএইচ/এএআর/১৯৫০ঘ.