২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের মাঠে বাসেলের সঙ্গে ড্র করাকে দায়ী করলেন ফার্গুসন

চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্ব থেকে বিদায় নেয়ার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন বাসেলের সঙ্গে বুধবারের হারকে নয়, দায়ী করলেন ঘরের মাঠে ড্র করাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2011, 07:01 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্ব থেকে বিদায় নেয়ার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন বাসেলের সঙ্গে বুধবারের হারকে নয়, দায়ী করলেন ঘরের মাঠে ড্র করাকে। চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্বের শেষ খেলায় ফার্গুসনের দল বাসেলের কাছে হার মানে ২-১ গোলে। কিন্তু প্রথম দেখায় নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ৩-৩ গোলে ড্র করে তার দল। অথচ এই খেলায় প্রথমে দুই গোলে এগিয়ে গিয়েছিল ম্যান ইউ। খেলা শেষে সাংবাদিকদের ওই ড্র’র কথা মনে করিয়ে দিয়ে ফার্গুসন বলেন, “সেদিন রাতে আমরা ম্যাচটি স্রেফ ছুড়ে ফেলে দিয়েছি।” এটা নির্বোধের মতো কাজ হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, “আমরা ২-০ গোলে এগিয়েছিলাম। ফলাফল ৫-০-ও হতে পারতো। তাই আমরা কেবল আমাদেরই দায়ী করতে পারি।” বুধবারের খেলায় নিজের দলের শুরুটাও ভালো হয়নি বলে মনে করেন ফার্গুসন। এছাড়া দলের হারের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বাসেলের মার্কো স্ট্রেলারের নয় মিনিটের গোলকেও। ফার্গুসন স্বীকার করেন, এক গোলে পিছিয়ে পড়ার পর তার ছেলেরা যেভাবে খেলেছে তাতে তিনি সন্তুষ্ট নন। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিলেও ইউরোপা লিগ খেলতে পারবে ম্যান ইউ। এ প্রসঙ্গে কোচ বলেন, “এটা খুব ভালো খবর নয়।” শেষ ষোলোতে জায়গা করে নিতে না পারার খেসারত হিসেবে দেখছেন তিনি একে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৪১ ঘ.