ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে জায়গা করে নেয়ার পর চেলসি কোচ আন্দ্রে ভিলাস বোয়াস এবার সমালোচনার জবাব কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দেয়া শুরু করেছেন। তিনি বলেন, তার দল সমালোচনার জবাব দিয়েছে সমালোচকদের গালে চড় মেরে।
স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার ভালেন্সিয়া জিতলে কিংবা অন্তত ১-১ গোলে ড্র করলে ভিলাস বোয়াসের দলকে বিদায় নিতে হতো ইউরোপ-সেরা ক্লাবগুলোর এই প্রতিযোগিতা থেকে। সেই সঙ্গে সংশয়ের মধ্যে পড়তো তার ভবিষ্যতও।
কিন্তু খেলোয়াড়রা এই মহা-সঙ্কট থেকে উদ্ধার করেন তাকে। দিদিয়ের দ্রগবার জোড়া ও রামিরেসের গোলের পাশাপাশি রেসিং গেঙ্কের সঙ্গে বায়ার লেভারকুসেন ড্র করায় চেলসি উঠে যায় গ্র“পের শীর্ষে।
প্রিমিয়ার লিগে ও ইউরোপের প্রতিযোগিতায় প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় কয়েক সপ্তাহ ধরে তীব্র সমালোচনা হজম করে আসতে হচ্ছিল ভিলাস বোয়াসকে। নিশ্চয় অনেক ক্ষোভও জমা হয়েছিল তার মনে। সেই ক্ষোভ উগরে দিলেন তিনি খেলা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে।
“খেলোয়াড়দের প্রাপ্য সম্মান তারা পাননি। প্রত্যেকেই অব্যাহতভাবে আমাদের সমালোচনা করে আসছিলেন। সম্ভবত আজ (মঙ্গলবার) আমরা তাদের গালে একটা চড় বসিয়ে দিলাম,” বলেন ভিলাস বোয়াস।
প্রচার মাধ্যমের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, “এই মুহূর্তে মনে হয় দেশে একটি মাত্র দল আছে-ম্যানচেস্টার সিটি। দলটি তাদের গ্র“প থেকে নক-আউট পর্বে জায়গা পেলে প্রচার মাধ্যমে বলা হবে ‘গ্রেট’, না পেলে বলা হবে ‘ওকে’। কিন্তু (প্রচার মাধ্যম) তাদের কাছ থেকে আমরা এ ধরনের আচরণ পাইনি।”
“এটা আপনাদের (সাংবাদিক) জন্য দুর্ভাগ্য, কেননা এখন আপনাদের লিখতে হবে চেলসির বুদ্ধিদীপ্ত জয়,” যোগ করেন তিনি।
ভিলাস বোয়াস বলেন, “ম্যানচেস্টার ইউনাটেডের রক্ষণভাগের সাবেক এক খেলোয়াড় বলেছিলেন যে চেলসির এই দলে তিনি খেলবেন না। তার এই মন্তব্য আমার কাছে অবশ্বাস্য বলে মনে হয়েছিল।” ওই খেলোয়াড়ের মন্তব্যকে তিনি একটানা যন্ত্রণা দেয়ার সঙ্গে তুলনা করেন।
“সব প্রতিকূলতার বিরুদ্ধে এই জয় চমকপ্রদ। আমাদের খেলার ‘স্টাইল’ দিয়ে আমরা যা অর্জন করার চেষ্টা করছি, সেদিক দিয়ে এই জয় অবশ্যই সেরা নয়; কিন্তু দলীয় প্রেরণার বিষয়টি বিবেচনায় নিলে একে সেরা বলতেই হবে,” বলেন ভিলাস বোয়াস।
এরপর খেলোয়াড়দের প্রশংসা করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৫৩ ঘ.
bdnews24