ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আশঙ্কা ও উৎকণ্ঠা ঝেড়ে ফেলে দিয়ে মঙ্গলবার টানা নয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নক-আউট পর্বে জায়গা করে নিয়েছে চেলসি। দিদিয়ের দ্রগবার দুই গোলের ওপর ভর করে ভালেন্সিয়াকে হারিয়েছে দলটি ৩-০ তে। অলিম্পিক মার্সেই ও জেনিত পিছু নিয়েছে ইংল্যান্ডের এই দলটির।
অতিথি হয়ে খেলতে গিয়ে দুই গোলে পিছিয়ে পড়ার পরও মার্সেই ৩-২ ব্যবধানে জিতেছে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। আর জেনিতের প্রয়োজন ছিল এক পয়েন্টের। গোলশূন্য ড্র করে তা তারা আদায় করে নিয়েছে পর্তোর কাছ থেকে।
বার্সেলোনা তার ভবিষ্যতের খানিকটা ঝলক দেখিয়েছে বাতে বরিসভের বিপক্ষে। অবশ্যই প্রতিপক্ষের জন্য সতর্ক সংকেতও বটে। নিয়মিত একাদশের দশজনই ছিলেন না দলে। তারপরও কুলিয়ে উঠতে পারেনি তো বটেই, ‘বেবি বার্সা’র কাছে চারবার গোলের তিক্ত স্বাদ হজম করতে হয়েছে বেলারুশ চ্যাম্পিয়নদের। পক্ষান্তরে সান্ত্বনার গোলও খুঁজে পায়নি বরিসভ।
রাতের অন্যান্য খেলায় অলিম্পিয়াকোস ৩-১ গোলে আর্সেনালকে ও শাখতার দনেৎস্ক ২-০ গোলে অ্যাপোয়েল নিকোশিয়াকে হারায়। রেসিং গেঙ্ক ও বায়ার লেভার কুসেনের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। ২-২ গোলে অমীমাংসিত ছিল ভিক্টোরিয়া প্ল¬জেন ও এসি মিলানের খেলাও।
চেলসি কোচ আন্দ্রে ভিলাস বোয়াস জানতেন, শেষ ষোলোতে জায়গা পেতে হলে জিততেই হবে। জানতেন হারের পরিণামও। তাই মাঠে নামার আগে অস্বস্তি, আশঙ্কা ও উৎকাণ্ঠায় দম আটকে থাকতেই পারে তার। কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে তিন মিনিটেই স্বস্তির নিশ্বাস ফেলেন তিনি, দিদিয়ের দ্রগবার গোলে এগিয়ে যায় তার দল।
খেলার ২২ মিনিটে ভিলাস বোয়াসের মুখে হাসি ফিরিয়ে আনেন মাঝমাঠের খেলোয়াড় রামিরেস। সেই সঙ্গে ভিলাস বোয়াস প্রস্তুতি নিতে থাকেন সমালোচকদের সমালোচনার জবাব দেয়ার জন্য।
এদিকে পরের পর্বের সঙ্গে ভালেন্সিয়ার দূরত্ব বাড়া শুরু হয় প্রথম গোল খাওয়ার পর থেকে। ৭৬ মিনিটে আবারো গোল করে সেই দূরুত্ব দ্রগবা নিয়ে যান দলটির নাগালের একেবারে বাইরে। কেননা ভালেন্সিয়াও মাঠে নেমেছিল ই গ্র“প থেকে দ্বিতীয় স্থান দখলের জন্য।
আর খেলা শেষে ঠিকই সমালোচকদের এক হাত নেন ভিলাস বোয়াস, “আমাদের খেলোয়াড়দের প্রচুর সমালোচনা করা হয়েছে। আমার মনে হয়, “আজ (মঙ্গলবার) তারা (খেলোয়াড়) জবাব দিলেন তাদের গালে চড় মেরে।”
এই খেলায় জিতে ই গ্র“পের শীর্ষে চলে গেল তার দল। অথচ খেলা শুরু হওয়ার আগে দলটির ভাগ্য ঝুলছিল সূতোয়। হার কিংবা গোলশূন্য ড্র হলে চেলসিকে থাকতে হতো গ্র“পের তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে উঠে যেতে ভালেন্সিয়া।
কিন্তু আগেই পরের পর্ব নিশ্চিত হয়ে যাওয়া বায়ার লেভারকুসেন রেসিং গেঙ্কের সঙ্গে ড্র করায় চেলসির পয়েন্ট দাঁড়ালো ১১, লেভাকুসেনের ১০, ভালেন্সিয়ার ৮ ও গেঙ্কের ৩-এ।
ডর্টমুন্ডের মাঠে খেলার ৩২ মিনিটের মধ্যে দুই গোলে পিছিয়ে পড়ে অতিথি মার্সেই। প্রথমার্ধের যোগ করা সময়ে লোইচ রেমি এক গোল শোধ করেন। ৮৫ মিনিটে মার্সেইকে খেলায় ফেরান আন্দ্রে আইয়ু। দলের পক্ষে জয়সূচক গোল করেন ম্যাথিউ ভালবুয়েনা, ৮৭ মিনিটে। সেই সঙ্গে এফ গ্র“পের দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নেয় তারা।
মাসেই’র এই জয়ের মূল্য দিতে হলো অলিম্পিয়াকোসকে। আর্সেনালকে হারিয়েও লাভ হলো না তাদের। নক-আউট পর্বে নয়, শেষ পর্যন্ত গ্রিক দলটির জায়গা হলো ইউরোপা লিগে।
বাতে বরিসভের বিপক্ষে নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে যে দলটিকে পেল গার্দিওলা নামিয়েছিলেন, সেই দলটি গড় বয়স মাত্র ২১। তারপরও তার দল জিতেছে অতি সহজে। মাঝমাঠের তরুণ খেলোয়াড় সার্জি রোবার্তো দলকে এগিয়ে নেন ৩৫ মিনিটে। ৬০ মিনিটে মার্টিন তোরালবো ও পেদ্রো গোল দেন ৬৩ মিনিটে। নির্ধারিত সময়ের এক মিনিট আগে পেনাল্টি থেকে দলের পক্ষে চতুর্থ গোল করেন পেদ্রো।
ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্য নির্ধারিত হবে বুধবার রাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০৯৪৩ ঘ.
bdnews24