ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাফ ফুটবল চ্যাম্পিয়শিপে মঙ্গলবার নিজেদের তৃতীয় এবং ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে জিততে মরিয়া সুজনরা।
ভারতের নয়া দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দুই দলের লড়াই।
বাংলাদেশ কোচ নিকোল ইলিয়েভস্কি মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিকে নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে আখ্যা দিয়ে বলেন, “আমাদের এখন আর হারানোর কিছু নেই। যে করেই হোক জিততেই হবে। এর বিকল্প কোন ভাবনার অবকাশ নেই।”
“প্রথম দুই ম্যাচে ছেলেরা যা খেলেছে তা একেবারেই মেনে নেওয়ার মতো না। আমার বিশ্বাস এই ম্যাচে ভালো খেলবে,” যোগ করেন ইলিয়েভস্কি।
প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ড্র এবং দ্বিতীয় ম্যাচে নেপালে কাছে হেরে বাংলাদেশের অবস্থানটা এখন একেবারেই শোচনীয় পর্যায়ে। মাত্র এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা।
আর মালদ্বীপের অবস্থান দ্বিতীয়। টুর্নামেন্টে মালদ্বীপ একটি ম্যাচও জিততে পারেনি। দুটি ম্যাচের দুটোতেই ড্র করেছে তারা। প্রথম ম্যাচে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র এবং দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা।
সেমি-ফাইনালে খেলতে হলে মালদ্বীপের সামনেও জেতার বিকল্প কোনো পথ নেই। এদিন ড্র অথবা হারলে বিদায় নিতে হবে তাদেরও।
নেপাল প্রথম দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে একটা নিরাপদ অবস্থানে আছে। পরের ম্যাচে তারা পাকিস্তানের সঙ্গে ড্র করলেই সেমি ফাইনালে উঠে যাবে। সে ক্ষেত্রে অবশ্য কপাল পুড়বে পাকিস্তানের।
আর পাকিস্তান যদি নেপালকে হারিয়ে দেয় তাহলে মালদ্বীপের সঙ্গে জিতেও কোনো লাভ হবে না বাংলাদেশের। গ্র“প রানার্সআপ হয়ে সেমি-ফাইনালে উঠে যাবে নেপাল।
এমনই একটা কঠিন সমীকরণের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ। অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করছে এখন বাংলাদেশের শেষ চারে খেলা। মানে নিজেদের জেতার পাশপাশি অন্যের হারের দিকেও তাকিয়ে থাকতে হবে সুজনদের।
প্রতিপক্ষ মালদ্বীপ সম্পর্র্কে ইলিয়েভস্কি বলেন, “দলটি খুবই গোছানো। তারা প্রথম দুই ম্যাচে ড্র করায় এদিন চাইবে তারা মরণ কামড় দিতে। তাই বাংলাদেশকে অনেক সাবধানি ও ভালো ফুটবল খেলতে হবে।”
“তাছাড়া দলটির মাঝমাঠ অত্যান্ত শক্তিশালী। ইব্রাহিম পাজেল ও মোহাম্মদ আরিফ এই দুইজন যে কোনো প্রতিপক্ষের জন্যই হুমকির কারণ হতে পারে,” বলেন এই মেসিডোনীয় কোচ।
এদিকে মদ্বীপের বিপক্ষে বাংলাদেশের প্রথম একাদশও ঠিক করে ফেলেছেন ইলিয়েভস্কি। তারা হলেন - সোহেল, মামুন মিয়া, সুজন, আরিফুল, রেজাউল, নাসির, কোমল, প্রানোতোষ, ইমন বাবু, আলমগীর রানা ও মিঠুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯৫২
bdnews24