ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাফায়েল নাদালের ঝলকে আর্জেন্টিনাকে হারিয়ে পঞ্চমবারের মত ডেভিস কাপ শিরোপা ঘরে তুললো স্পেন। চার বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার তারা এই শিরোপা জিতলো।
আর এ পর্যন্ত চারবার ফাইনাল খেলা আর্জেন্টিনার কাছে শিরোপা অধরাই থেকে গেল।
রোববারের ফিরতি দুই এককের প্রথম ম্যাচে নাদাল ১-৬,৬-৪, ৬-১, ৭-৬(০) গেমে হুয়ান মার্তিন দেল পোত্রকে হারানোয় এক ম্যাচ বাকি থাকতেই ৩-১ সিরিজ জিতে নেয় স্পেন।
এর আগে শুক্রবারের একক ম্যাচ দুটো জিতে স্পেনকে ২-০ তে এগিয়ে নিয়েছিলেন নাদাল ও ডেভিড ফেরার। তবে শনিবার সিরিজের একমাত্র দ্বৈতে স্পেনকে হারিয়ে ব্যবধান ২-১ এ কমিয়ে এনেছিলো আর্জেন্টিনা।
জুনে ষষ্ঠবারের মত ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয়ের পর সময়টা একদমই ভালো যাচ্ছিলো না নাদালের। সার্বিয়ার নোভাক জোকোভিচের কাছে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটিও হারিয়ে বসেন। বিদায় নেন লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যু ফাইনালসের গ্র“প পর্ব থেকেই।
চোট ও ক্লান্তির কারণে ডেভিস কাপে নাদালের খেলা নিয়েই সংশয় ছিলো। তবে শেষ পর্যন্ত দলকে শিরোপা এনে দেয়ার পাশাপাশি আগামী বছরের জন্য নিজের আত্মবিশ্বাসকেও অনেকখানি উপরে নিয়ে গেলেন নাদাল।
তাইতো ম্যাচ শেষে নাদাল বললেন, “ডেভিস কাপে এর আগে আমি কখনোই জয়সূচক পয়েন্ট নিশ্চিত করার সুযোগ পাইনি। শেষ পর্যন্ত ওই সুযোগ আমি পেলাম।”
এটা নাদালের তৃতীয় ডেভিস কাপ শিরোপা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২০০৪ সালের ফাইনালে কিশোর নাদাল স্পেনকে শিরোপা জয়ের পথে একটি পয়েন্ট এনে দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৬৫৪ ঘ.
bdnews24