২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল লিগ শিরোপা করিন্থিয়ান্সের

পঞ্চমবারের মতো ব্রাজিলের লিগ শিরোপা জিতে নিয়েছে করিন্থিয়ান্স। যদিও দিনটি ছিল বিষাদের, কষ্টের। পুরো ব্রাজিলবাসীর জন্য তো বটেই, করিন্থিয়ান্সের জন্যও। দলটির সাবেক ‘মিডফিল্ডার’ ও ১৯৮২ সালের বিশ্বকাপ দলের অধিনায়ক সক্রেটিস মারা যান তাদের শিরোপা নিশ্চিত করার কয়েক ঘণ্টা আগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 08:47 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চমবারের মতো ব্রাজিলের লিগ শিরোপা জিতে নিয়েছে করিন্থিয়ান্স। যদিও দিনটি ছিল বিষাদের, কষ্টের। পুরো ব্রাজিলবাসীর জন্য তো বটেই, করিন্থিয়ান্সের জন্যও। দলটির সাবেক ‘মিডফিল্ডার’ ও ১৯৮২ সালের বিশ্বকাপ দলের অধিনায়ক সক্রেটিস মারা যান তাদের শিরোপা নিশ্চিত করার কয়েক ঘণ্টা আগে। শিরোপার জন্য মৌসুমের শেষ দিনে রোববার সাও পাওলোর দলটির প্রয়োজন ছিল এক পয়েন্ট। পালমেইরাসের সঙ্গে গোলশূন্য ড্র করে মৌসুম শেষ করে করিন্থিয়ান্স ৩৮ খেলায় ৭১ পয়েন্ট নিয়ে। রানার্স-আপ ভাস্কো দা গামা মৌসুম শেষ করে দুই পয়েন্ট পিছিয়ে থেকে। দিনের অন্য খেলায় রিও ডার্বিতে ফ্ল্যামেঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ভাস্কো। সাও পাওলোয় খেলার শেষ দিকে করিন্থিয়ান্স ও পালমেইরাসের খেলোয়াড়রা জড়িয়ে পড়েন হাতাহাতিতে। করিন্থিয়ান্সের আক্রমণভাগের খেলোয়াড় হোর্গে হেনরিকের কাছ থেকে বল কেড়ে নেয়ার জন্য পালমেইরাসের রক্ষণভাগের খেলোয়াড় হোয়াও ভিক্তর ফাউল করেন। এতে মেজাজ হারিয়ে ফেলেন দুই দলের খেলোয়াড়রা। লিপ্ত হন মারামারিতে। ফাউল করায় ভিক্তরকে রেফারি মাঠ থেকে বের করে দেন সঙ্গে সঙ্গে। আর মারামারি শেষে বের করে দেন করিন্থিয়ান্সের রক্ষণভাগের খেলোয়াড় লিন্দ্রো কাস্তানকে। এর আগে দ্বিতীয়ার্ধের প্রথম দিকে লাল কার্ড দেখানো হয় পালমেইরাসের চিলির খেলোয়াড় হোর্গে ভালদিয়াভিয়া ও করিন্থিয়ান্সের ওয়ালেসকে। রিও ডি জেনিরোতে প্রথমার্ধে আক্রমণভাগের খেলোয়াড় দিয়েগো সুজার গোলে এগিয়ে ভাস্কো। কিন্তু ফ্ল্যামেঙ্গো অধিনায়ক রোনালদিনহো সমতা ফেরান ৫৫ মিনিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৬ ঘ.