ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলার শেষ মুহূর্তে জয় উদযাপনের যখন প্রস্তুতি নিচ্ছিল মালাগা, ঠিক সেই সময় দুই গোল করে দলটির কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে রিয়াল সোসিয়েদাদ। ৩-২ গোলে হারায় তারা মালাগাকে।
লা লিগায় রোববার পঞ্চম খেলায টানা চতুর্থ জয়ের দোর গোড়ায় দাঁড়িয়ে তখন মালাগা। খেলা চলছে ৮৯ মিনিটের। এমন সময় দলের সমর্থকদের হাসিমাখা মুখ ম্লান করে দিলেন সোসিয়েদাদের কার্লোস ভেলা। ‘অ্যাক্রোবেটিক’ কায়দায় ‘বাইসাইকেল কিক’ নিলেন তিনি। বল আশ্রয় খুঁজে নেয় জালে।
যোগ করা সময়ে মালাগার সমর্থকদের মুখ অন্ধকার করে দিলেন বদলী খেলোয়াড় দিয়েগো ইফরান। রক্ষণভাগের খেলোয়াড় মার্টিন দেমিচেলিসকে কাটিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় গোলরক্ষক উইলি কাবায়েরোর পাশ দিয়ে বল ঠেলে দেন তিনি জালে।
এর আগে খেলার দশ মিনিটে মাথা দিয়ে গোল করার চেষ্টা করেন সোসিয়েদাদের ইমানোল এগিরেটক্স। কিন্তু ক্রসবারের পর দেমিচেলিসের গায়ে লেগে বল চলে যায় মালাগার গোল-লাইন অতিক্রম করে। ২১ মিনিটে দলটিকে খেলায় ফেরান হোসে রন্ডন মাথা দিয়ে।
খেলার ৫৯ মিনিটে মালাগা এগিয়ে যায় সেবাস্তিয়ান ফার্নান্দেজের গোলে। রক্ষণভাগের খেলোয়াড় মিকেল গঞ্জালেসের পা থেকে বল কেড়ে নিয়ে গোল দেন তিনি।
দিনের অন্যান্য খেলায় আতলেটিকো মাদ্রিদ ৩-১ গোলে রায়ো ভালেকানোকে, ওসাসুনা ২-১ গোলে রিয়াল বেটিসকে ও গ্রেনাদা ১-০ গোলে জারাগোজাকে হারায়। এছাড়া মালোর্কা ও অ্যাথলেটিক বিলবাওয়ের খেলা ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়।
মালাগা ১৪ খেলায় ২৩ পয়েন্ট নিয়ে আছে তালিকার পঞ্চম স্থানে। সমান খেলায় সোসিয়েদাদের পয়েন্ট ১৫। আর শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দলটির পয়েন্ট ৩৭।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/টিআর/১৩০৩ ঘ.
bdnews24