২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো শীর্ষে অপরাজিত জুভেন্টাস

হার না মেনে এগিয়ে চলেছে জুভেন্টাস। সেরি আ’য় রোববার ২-০ গোলে হারিয়েছে তারা সেসনাকে। সেই সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে আবারো উঠে এসেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2011, 05:43 AM

Updated : 24 Aug 2022, 05:19 PM

ঢাকা, ডিসেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হার না মেনে এগিয়ে চলেছে জুভেন্টাস। সেরি আ’য় রোববার ২-০ গোলে হারিয়েছে তারা সেসনাকে। সেই সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে আবারো উঠে এসেছে দলটি। তুরিনের দলটির নতুন স্টেডিয়ামে ৪২ বছর বয়সী গোলরক্ষক ফ্রান্সেসকো আন্তোনিওলি ৭২ মিনিট পর্যন্ত ঠেকিয়ে রেখেছিলেন জুভেন্টাসকে। বার বার আক্রমণের মুখে এরপর আর কুলিয়ে উঠতে পারেননি। রক্ষণভাগের দুই খেলোয়াড়ের ঠিক মাঝামাঝি জায়গা দিয়ে ক্লদিও মারশিসিও বল পাঠিয়ে দেন জালে। যদিও শটটি ছিল অত্যন্ত দুর্বল। আট মিনিট পর প্রতিপক্ষের এক খেলোয়াড় আড়াআড়িভাবে উঁচু করে বল ফেলেন সেসনার গোলমুখে। ঘুষি মেরে বলটিকে নিরাপদ দূরত্বে পাঠাতে গিয়ে ধাক্কাধাক্কি হয় তার জুভেন্টাসের আক্রমণভাগের খেলোয়াড় ইমনুয়েল গিয়াচ্চেরেনির সঙ্গে। দেরি না করে সঙ্গে সঙ্গে রেফারি পকেট থেকে বের করেন তার লাল কার্ড। আর পেনাল্টি পায় জুভেন্টাস। কিন্তু রেফারির এই নির্দেশ মেনে নিতে পারছিলেন না সেসনার খেলোয়াড়রা। রেফারিকে ঘিরে ধরে প্রতিবাদ জানাতে থাকেন। তবে রেফারি কানেই তোলেননি তাদের কথা। এদিকে বিপদে পড়ে যায় সেসনা। কেননা তিনজন বদলি খেলোয়াড় ব্যবহারের কোটা এরই মধ্যে শেষ করে ফেলেছিল দলটি। ফলে আন্তোনিওলির জার্সি পড়তে হয় রক্ষণভাগের খেলোয়াড় গুইলার্মে রদ্রিগুয়েজকে। পেনাল্টি শট নেন আরতুরো ভিদাল, গোলপোস্টের বাঁ-দিকে। আর রদ্রিগুয়েজ ঝাঁপিয়ে পড়েন ডান দিকে। এ অবস্থায় যা হওয়ার তাই হলো। নিষেধাজ্ঞার কারণে আন্দ্রেয়া পিরলো মাঠে নামতে না পারলেও এ পর্যন্ত জুভেন্টাসই থেকে গেল সেরি আ’য় অপরাজিত দল হিসেবে। একই সঙ্গে এসি মিলান ও উদিনেসকে পেছনে ফেলে এগিয়ে গেল দুই পয়েন্ট। ১৩ খেলার আটটিতে জয় ও পাঁচটিতে ড্র করেছে জুভেন্টাস। খেলা শেষে জুভেন্টাস কোচ আন্তোনিও কোন্তে বলেন, “ফলাফলই বলে দিচ্ছে আমরা দিন দিন পরিণত হচ্ছি।” “শতকরা ৭০ ভাগ সময় বল ছিল আমাদের পায়ে। গোলেও শট নিয়েছি ২১ বার। তাই বলতেই পারি দিন দিন আমরা উন্নতি করছি,” মূল্যায়ন কোন্তের। এছাড়া ফিওরেন্তিনা ৩-০ গোলে হারিয়েছে আটজনের এএস রোমাকে। গোল তিনটি করেন স্তেভান জোভেটিস, আলেসান্দ্রো গামবেরিনি ও সান্তিয়াগো সিলভা। বোলোনা ১-০ গোলে সিয়েনাকে ও কালিয়ারি ১-০ গোলে কাতানিয়াকে হারিয়েছে। শিয়েভো ভেরোনা গোলশূন্য ড্র করে আটলান্টার সঙ্গে। পালের্মো ও পার্মার খেলাও শেষ হয় অমীমাংসিতভাবে। গোল করতে পারেনি কোনো দল। লাৎসিও সোমবার খেলবে নোভারার সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম/টিআর/১১৩২ ঘ.