ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের কাছে ১-০ গোলে হেরে গেলো বাংলাদেশ। রোববার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
নেপালের পক্ষে সাগর থাপা ম্যাচের ইনজুরি সময়ে একমাত্র গোলটি করেন। ফ্রি কিক থেকে জয়সূচক গোলটি করেন তিনি।
এই হারে বাংলাদেশের সেমি ফাইনালে ওঠা অনেকটাই কঠিন হয়ে গেলো। অনেক যদি কিন্তুর ওপর নির্ভর করছে এখন সুজনদের শেষ চারে খেলা।
১৯৯৩ সালে এশিয়ান গেমসে নেপালের কাছে সর্বশেষ হেরেছিল বাংলাদেশ। তাছাড়া নেপালের সঙ্গে ১৫টি লড়াইয়ের মধ্যে বাংলাদেশ জিতেছে ১০ বার এবং নেপাল ৫ বার।
পরিসংখ্যান পক্ষে থাকলেও এদিনের ম্যাচে মোটেও প্রাধান্য দেখাতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধ নেপাল প্রাধান্য দেখায়। দ্বিতীয়ার্ধের বেশকিছু সময় তারা এই প্রধান্য ধরে রাখে। ম্যাচের শেষ দিকে বাংলাদেশ দু’একটি সুযোগ তৈরি করে। কিন্তু স্ট্রাইকারদের ব্যর্থতায় কাজে লাগাতে পারেনি একটিও।
এই ম্যাচে বাংলাদেশ দলে কয়েকটি পরিবর্তন দেখা যায়। মোহাম্মদ সুজন, মিঠুন চৌধুরী ও ইমন বাবুর পরিবর্তে তৌহিদুল আলম, আব্দুল মালেক ও মামুন মিয়াকে প্রথম একাদশে জায়গা দেন দলের কোচ নিকোলা ইলয়েভস্কি। তাতেও কাজের-কাজ কিছু হয়নি।
টুর্নামেন্টে এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। শুক্রবার প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল সুজনরা। দুই ম্যাচে বাংলাদেশ ঝুলিতে পুরেছে মাত্র এক পয়েন্ট।
নেপালও প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করে। ম্যাচটি ১-১ গোলে অমীমাংশিত ছিল। বাংলাদেশের বিপক্ষে জয়ে চার পয়েন্ট নিয়ে নেপালের সেমি-ফাইনালে ওঠা অনেকটাই নিশ্চিত হয়ে গেলো।
মঙ্গলবার গ্র“পের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে শক্তিশালী মালদ্বীপের সঙ্গে। সে ম্যাচে জয় পেলেও অন্যের হারের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৮৩৮ঘ.
bdnews24