ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোখ জুড়ানো ফুটবল খেলে উদিনেস ১-০ গোলে হারিয়েছে ১০ জনের ইন্টার মিলানকে। আর নাপোলি ৪-২ গোলে জিতেছে লেসের বিপক্ষে।
সান সিরোয় শনিবার মরিসিও আয়লা উদিনেসকে এগিয়ে নেন খেলার ৭৩ মিনিটে। পাঁচ মিনিট পর মনে হচ্ছিল ব্যবধান বাড়াতে যাচ্ছে দলটি। কেননা উদিনেসকে পেনাল্টি দেয়ার পাশাপাশি ইন্টার দলনায়ক জাভিয়ের জানেত্তিকে মাঠ থেকে বের করে দেন রেফারি।
কিন্তু আন্তোনিও দি নাতালের পেনাল্টি শট ঠেকিয়ে দেন ইন্টার গোল রক্ষক জুলিও সিজার। কয়েক মুহূর্ত পর পেনাল্টি পায় ইন্টার। কিন্তু গিয়ামপাওলো পাজ্জিনির শট চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।
অশোভন আচরণ করায় উদিনেসের রক্ষণভাগের খেলোয়াড় দামিয়ানো ফেরোনেত্তিকেও বের করে দেয়া হয়। তবে যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে।
খেলা শেষে উদিনেস কোচ ফ্রান্সেসকো গুইদোলিন বলেন, “পাজ্জিনি যখন পেনাল্টি শট নিচ্ছেলেন, তখন আমি আশা করছিলাম গেলরক্ষক সামির হান্দানোভিচ কিছু না কিছু একটা করবেন। কিন্তু যখন দেখলাম বল চলে গেল উপর দিয়ে, তখন আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম।”
নিজেদের মাঠ স্তাদিও সান পাওলোয় ৪২ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে যায় নাপোলি। গোলগুলো করেন এজিকুয়েল লাভেজ্জি, অ্যাডিনসন কাভানি ও ব্লেরিম দজেমেইলি।
খেলার ৫৪ মিনিটে একটি গোল শোধ করেন ফার্নান্দো ফ্রুটো। কিন্তু ব্যবধান আবারো তিনে নিয়ে যান কাভানি ৮২ মিনিটে। যোগ করা সময়ে আরেকটি গোল শোধ করেন দানিয়েল করভিয়া।
উদিনেস ১৩ খেলায় ২৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার দ্বিতীয় স্থানে। সমান খেলায় নাপোলির পয়েন্ট ২০। দলটি আছে পাঁচ নম্বরে। শীর্ষ দল এসি মিলানের পয়েন্ট ২৭ হলেও গোল ব্যবধানে দলটি এগিয়ে আছে উদিনেসের চেয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২০১ ঘ.
bdnews24