ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ের্ডার ব্রেমেনকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে উঠে গেছে বায়ার্ন মিউনিখ।
বায়ার্নের পক্ষে প্রথম গোল করেন ফ্রাঙ্ক রিবেরি, খেলার ২২ মিনিটে। কিন্তু বদলী খেলোয়াড় মার্কাস রোসেনবার্গ ৫২ মিনিটে খেলায় ফেরান ওয়ের্ডারকে। ৬৯ মিনিটে আরিয়েন রোবেনের পেনাল্টি গোলে আবারো এগিয়ে যায় বায়ার্ন।
রিবেরি দলের জয় নিশ্চিত করেন নিজের দ্বিতীয় গোল করে খেলার ৭৭ মিনিটে। আর ৮৩ মিনিটে পেনাল্টি থেকে আবারো গোল করে ওয়ের্ডারের কফিনে শেষ পেরেক ঠোকেন রোবেন।
খেলা শেষে বায়ার্ন কোচ জুপ হেইঙ্কস বলেন, “টানা দুই খেলায় হার মানায় বায়ার্নের সব কিছুই প্রশ্নের মুখে পড়েছিল। তাই এই জয় খুবই গুরুত্বপূর্ণ।”
“আমরা আসলে খেলায় টিকে থাকতেই পারিনি,” স্বীকার করেন ওয়ের্ডার কোচ টমাস স্কাফ।
রাতের অন্যান্য খেলায় হার্থা বার্লিন ১-১ গোলে ড্র করে কাইজারস্লটার্নের সঙ্গে। হ্যানোভারও ফ্রেইবুর্গের সঙ্গে ড্র করে ১-১ গোলে। মেইনজ ও উলফসবার্গের খেলাও ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। যদিও খেলার শুরুতে পিছিয়ে পড়েছিল মেইনজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২১ ঘ.
bdnews24