ঢাকা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সার্জিও অ্যাগুয়েরো তার পায়ের কুশলী স্পর্ষে ‘ফ্লাডগেট’র দরজা খুলে দেন। এরপর ম্যানচেস্টার সিটি গোলের বন্যায় ভাসিয়ে দেয় নরউইচ সিটিকে। ৫-১ গোলে জিতে প্রিমিয়ার লিগের শীর্ষ স্থানের পাশাপাশি ধরে রাখলো তারা পাঁচ পয়েন্টের ব্যবধান।
নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডও শনিবার জিতেছে অ্যাস্টন ভিলার বিপক্ষে। তবে বহু কষ্টে, ১-০ গোলে। সেই সঙ্গে কয়েক ঘণ্টার জন্য টটেনহ্যাম হটস্পারের কাছে হারানো পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান উদ্ধার করে তারা। দশজনের বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-০ গোলে হারায় টটেনহ্যাম।
ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১৪ খেলায় ৩৮, ম্যান ইউ’র ৩৩ ও টটেনহ্যামের ৩১। তবে এক খেলা হাতে আছে টটেনহ্যামের।
রাতে আরেকটি বড় জয় পেয়েছে আর্সেনাল। তালিকার একেবারে নিচের দল উইগান অ্যাথলেটিককে হারিয়ে পঞ্চম স্থানে আছে দলটি। তবে জায়গাটি ভাগাভাগি করে নিতে হচ্ছে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে। ঘরের মাঠে চতুর্থ দল চেলসির কাছে ৩-০ গোলে হার মানে নিউক্যাসল।
ইতিহাদ স্টেডিয়ামে খেলার ৩২ মিনিটে ম্যান সিটিকে এগিয়ে নেন আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় অ্যাগুয়েরো। ৫১ মিনিটে ব্যবধান বাড়ান সামির নাসরি। ৬৮ মিনিটে ইয়া ইয়া তোরে ব্যবধান নিয়ে যান ৩-০ তে।
খেলা শেষের বাঁশি বাজার নয় মিনিট আগে একটি গোল শোধ করেন নরউইচের স্টিভ মরিসন। ৮৮ মিনিটে মারিও বালোতেল্লির গোলে ব্যবধান আবারো বেড়ে তিনে দাঁড়ায়। যোগ করা সময়ে দলের পক্ষে পঞ্চম গোলটি করেন অ্যাডাম জনসন।
খেলা শেষে অ্যাগুয়েরো ও বালোতেল্লির গোলের প্রশংসা করেন ম্যান সিটি কোচ রবার্তো মানচিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪৭ ঘ.
bdnews24