ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবিনা খাতুনের হ্যাটট্রিকে কেএফসি সুপার লিগ ফুটবলে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে সাতক্ষীরা জেলা। শনিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমি ফাইনালে তারা ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে নারায়নগঞ্জ জেলাকে।
জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা ম্যাচের ৩, ২০ ও ৫৩ মিনিটে তিনটি গোল করেন। বিজয়ী দলের পক্ষে অপর দুটো গোল করেন ৯০ মিনিটে টুম্পা মনি ও ইনজুরি টাইমে ফাতেমা তুজ জোহরা।
নারায়নগঞ্জের পক্ষে ম্যাচের ৪৬ মিনিটে একমাত্র গোলটি করেন আসিয়া খাতুন বিথি।
৭ ডিসেম্বর হবে ফাইনাল। বাংলাদেশ আনসার ও যশোর জেলার বিজয়ী দল ফাইনালে খেলবে সাতক্ষীরার সঙ্গে। আনসার ও যশোর সোমবার দ্বিতীয় সেমি ফাইনালে মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯০২ঘ.
bdnews24