ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেভিস কাপের চূড়ান্ত খেলার প্রথম দুটো একক জিতে স্পেনকে ২-০ তে এগিয়ে নিয়েছেন রাফায়েল নাদাল ও ডেভিড ফেরার।
প্রতিপক্ষ আর্জেন্টিনার বিপক্ষে শুক্রবার উদ্বোধনী ম্যাচে নাদাল ৬-১, ৬-১, ৬-২ গেমে হুয়ান মোনাকোকে এবং দ্বিতীয় ম্যাচে ফেরার ৬-২, ৬-৭(২), ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে হুয়ান মার্তিন দেল পোত্রোকে হারিয়েছেন।
শনিবার একমাত্র দ্বৈতে স্পেনের ফেলিসিয়ানো লোপেজ ও ফার্নান্দো ভার্দাস্কো জুটির মুখোমুখি হবে আর্জেন্টিনার ডেভিড নালবানদিয়ান ও এদুয়ার্দো শোয়াঙ্কো জুটি।
ফিরতি একক দুটো হবে রোববার।
প্রথম দুটো একক জিতে পঞ্চমবারের মত ডেভিস কাপ শিরোপা ঘরে তোলার পথে অনেকখানি এগিয়ে গেল স্পেন। এর আগে এই প্রতিযোগিতায় একমাত্র যুক্তরাষ্ট্রই ২-০ তে পিছিয়ে পড়ার পরও শিরোপা জিতেছিলো। ১৯৩৯ সালের ওই ফাইনালটি হয়েছিলো অস্ট্রেলিয়ায়।
স্পেন যদি এবার শিরোপা জিততে পারে তবে চার বছরের মধ্যে এটি হবে তাদের তৃতীয় শিরোপা। ২০০০ সালে প্রথম ডেভিস কাপ শিরোপা জেতে তারা। এরপর ২০০৪, ২০০৮ ও ২০০৯ সালে এই শিরোপা যায় স্পেনে।
শুক্রবারের ম্যাচ শেষে ফেরার বলেন, “হয়তো এটাই আমার ক্যারিয়ারের সেরা ম্যাচ।”
তবে আশা ছাড়েননি দেল পোত্রো। তিনি বলেন, “আমরা এখনো প্রতিযোগিতায় টিকে আছি। অবশ্যই আগামীকাল (শনিবার) আমরা আরেটি সুযোগ পাবো।”
আর নাদালের বিপক্ষে হারের পর মোনাকো বলেন, “আমার মনে হচ্ছিলো আমি ভালো খেলছি। কিন্তু স্বীকার করতেই হবে প্রতিপক্ষ রাফায়েল নাদাল। যার কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেয়া সত্যি কঠিন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭১১ ঘ.
bdnews24