ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলাতন ইব্রাহিমোভিচের পেনাল্টি গোলের ওপর ভর করে শুক্রবার এসি মিলান দশজনের জেনোয়াকে হারিয়েছে ২-০ গোলে। এদিকে কাঁদানে গ্যাসের ধোঁয়া স্টেডিয়ামে ঢুকে পড়ায় খেলা বন্ধ রাখতে হয় প্রায় দশ মিনিট।
স্তাদিও লুইগি ফেরারিসে খেলার ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন ইব্রহিমোভিচ। মিলানের রক্ষণভাগের সাবেক খেলোয়াড় কাখা কালাদজে ইব্রহিমোভিচকে মাটিতে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সেই সঙ্গে হলুদ কার্ড দেখান কালাদজেকে। এটি ছিল তার দ্বিতীয় হলুদ কার্ড।
সেরি আয় টানা তিন খেলায় এটি ছিল ইব্রাহিমোভিচের চতুর্থ গোল। আর সব মিলে অষ্টম।
খেলা শেষে সুইডেনের আক্রমণভাগের খেলোয়াড় ইব্রহিমোভিচ বলেন, “অতিথি হয়ে খেলতে এসে আমরা খুবই ভালো খেলেছি। প্রচণ্ড আস্থার ছাপ ছিল আমাদের খেলায়। বলও আমাদের পায়ে ছিল বেশিরভাগ সময়। আক্রমণও চালিয়েছি অনেক বেশি।
মিলানের দ্বিতীয় গোলটি আসে আন্তোনিও নসেরিনোর পা থেকে, খেলার ৭৯ মিনিটে।
এই খেলায় জিতে ২৭ পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল মিলান, দ্বিতীয় দল জুভেন্টাসের চেয়ে এক পয়েন্ট বেশি। রোববার তালিকার নিচের দিকের দল সেসনার সঙ্গে খেলবে জুভেন্টাস।
এদিকে স্টেডিয়ামের বাইরে কিছু সংখ্যক দর্শককে ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এর ধোঁয়া স্টেডিয়ামে ঢুকে পড়ায় প্রথমার্ধে খেলা বন্ধ রাখতে হয় প্রায় দশ মিনিট। সে সময় খেলোয়াড়রাও চলে যান মাঠ ছেড়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২০১ ঘ.
bdnews24