ঢাকা, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ নয়, লেভান্তের বিপক্ষে শনিবারের খেলার দিকে নজর দেয়ার জন্য খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা।
কাতালানরা ১০ ডিসেম্বর বার্নাব্যুতে খেলবে রিয়াল মাদ্রিদের সঙ্গে। কিন্তু এখনই এল ক্লাসিকো নিয়ে ভাবতে চাইছেন না গার্দিওলা।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সব সময় গুরুত্বপূর্ণ ম্যাচ হলো পরেরটি।” তাই তিনি চাইছেন তার খেলোয়াড়রা লেভান্তের বিপক্ষে খেলার দিকে সব মনোযোগ ঢেলে দিক।
লা লিগার পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদের চেয়ে যে তার দল পিছিয়ে পড়েছে, সে ব্যাপারে নজর কাড়া হলে তিনি বলেন, এই বিষয়টি নিয়ে তিনি মোটেও চিন্তা করছেন না।
তার ভাষায়, “যা নিয়ে আমরা কিছুই করতে পারবো না, তা নিয়ে কথা-বার্তা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না।”
“খেলায় আপনি পিছিয়ে পড়তেই পারেন। আর যদি পিছিয়ে পড়েনই, তাহলে আপনার লক্ষ্য থাকবে শীর্ষ দলকে ধরে ফেলা। এটাই আসলে স্বাভাবিক,” যোগ করেন তিনি।
বর্তমানে লা লিগায় ১৪ খেলায় ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা। আর ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। তারওপর এক ম্যাচ কম খেলেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৫৬ ঘ.
bdnews24