ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুযোগ হাতছাড়া করার পাত্র নন দিয়েগো মারাদোনা। আর লক্ষ্য যদি পেলে হয়, তাহলে তো কথাই নেই। লিওনেল মেসির চেয়ে নেইমারকে ভালো খেলোয়াড় বলে অভিহিত করায় ব্রাজিলের জীবন্ত কিংবদন্তীর তীব্র সমালোচনা করেন মারাদোনা। বলেন, ভুল ওষূধ সেবন করেছেন পেলে।
তিনবারের বিশ্বকাপ জয়ী পেলে বার্সেলোনার মেসি ও স্যান্তোসের নেইমারের মধ্যে তুলনা করতে গিয়ে বলেন, মেসির চেয়ে নেইমার ভালো ও পূর্ণাঙ্গ ফুটবলার।
পেলের এই মন্তব্য নিয়ে ফুটবল দুনিয়ায় নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক মারাদোনা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “তিনি ভুল বড়ি খেয়েছেন।”
“ঘুমাতে যাওয়ার আগে যে বড়ি খাওয়ার কথা, সেই বড়ি তিনি খেয়েছেন সকালে,” যোগ করেন আরেক জীবন্ত কিংবদন্তী।
বর্তমানে আল ওয়াসল কোচ বলেন, “পেলে বিভ্রান্ত হয়ে পড়েছেন। কি বলছেন তা তিনি নিজেই জানেন না।”
এরপর পেলেকে কথা বলার আগে সঠিক ওষুধ খাওয়ার পরামর্শ দেন মারাদোনা। পরামর্শ দেন চিকিৎসক পাল্টানোরও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০০৫ ঘ.
"
bdnews24