ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুক্রবার ভারতের দিল্লিতে শুরু হচ্ছে নবম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কি।
দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল প্রতিযোগিতার এবারের আসরে বাংলাদেশ অপেক্ষাকৃত কঠিন গ্র“পে পড়েছে। ‘বি’ গ্র“পে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান, মালদ্বীপ ও নেপাল। ‘এ’ গ্র“পের চারটি দল স্বাগতিক ভারত, শ্রীলঙ্কা, ভুটান ও আফগানিস্তান।
৪ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। আর ৬ ডিসেম্বর খেলবে মালদ্বীপের সঙ্গে।
৯ ডিসেম্বর দুটি সেমিফাইনাল এবং ১১ ডিসেম্বর হবে ফাইনাল।
কঠিন গ্র“পে পড়লেও ভালো ফলাফলের আশা নিয়েই দিল্লিতে পা রেখেছে বাংলাদেশ দল। এবং জয় দিয়ে শুরু করার ব্যাপারেও তারা দারুণ আশাবাদী। দিল্লি থেকে ইলিয়েভস্কি জানিয়েছেন, “পাকিস্তানের বিপক্ষে আমাদের সর্বশেষ দুটো ম্যাচেই ছিলো প্রত্যাশা জাগানোর মতো নৈপুণ্য। একটিতে আমরা জিতেছিলাম ৩-০ গোলে, অন্যটি গোলশূন্য ড্র হয়। তাই তাদের হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করতে পারবো বলে আমার বিশ্বাস।”
“আমাদের লক্ষ্য শিরোপা জয়। প্রথম ম্যাচ হেরে গেলে অনেকটাই পিছিয়ে পড়বো। তাই এই ম্যাচ নিয়ে আমি একটু বেশিই সতর্ক । দলের প্রত্যেক খেলোয়াড় নিজের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত, ” যোগ করেন বাংলাদেশের কোচ।
গত জুনে ঢাকায় বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বে পাকিস্তানকে ৩-০ গোলে উড়িয়ে দেয়া ম্যাচটি ছিলো ইলিয়েভস্কির অধীনে বাংলাদেশের প্রথম ম্যাচ।
পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে। এখন পর্যন্ত ১২টি মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৬ বার, আর পাকিস্তান ৪ বার। বাকি দুই ম্যাচ ড্র।
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ মাত্র একবারই শিরোপা জিততে পেরেছে। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত ঐ টুর্নামেন্টের মতো এবারও কি বাংলাদেশ শিরোপার আনন্দে মেতে উঠতে পারবে? এই প্রশ্নের জবাবে ইলিয়েভস্কি বলেন, “আমি অতি মাত্রায় আত্মবিশ্বাসী নই। আবার নৈরাশ্যবাদীও নই। আমার লক্ষ্য প্রত্যেক ম্যাচে জয় এবং প্রত্যেক ম্যাচে একটু-একটু করে উন্নতি করা।”
“এভাবে পুরো টুর্নামেন্টে খেলতে পারলে ভালো ফল আসতে বাধ্য। আমারও সেটাই প্রত্যাশা,” যোগ করেন তিনি।
বাংলাদেশের কোচ অবশ্য পাকিস্তানের সঙ্গে জোরালো লড়াইয়ের আশঙ্কাই করছেন। তিনি বলেন, “আমি যতোটুকু জানি দল হিসেবে পাকিস্তান যথেষ্ট গোছালো। তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে জোরালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে। তাই আমাদের জয় তেমন সহজে আসবে বলে মনে হয় না।”
সাফ ফুটবলে বাংলাদেশের অতীত-ইতিহাস তেমন উজ্জ্বল নয়। একবার চ্যাম্পিয়ন হওয়া ছাড়া দুবার রানার্সআপ হয়েছে তারা ।
১৯৯৩ সালে সার্ক ফুটবল নামে এই টুর্নামেন্ট শুরু হয়। পাকিস্তানে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নেয়নি। ১৯৯৫ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দ্বিতীয় টুর্নামেন্টে অংশ নিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।
১৯৯৭ সালে সার্ক ফুটবল টুর্নামেন্ট নাম পাল্টে হয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। সেবার নেপালে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় বাংলাদেশ। ১৯৯৯ সালে ভারতের গোয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় সাফ ফুটবলে হয় রানার্সআপ।
২০০৩ সালে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে শিরোপার মধুর স্বাদ পায় বাংলাদেশ। ঢাকায় চ্যাম্পিয়ন হওয়ার পর ২০০৫ সালে ইসলামাবাদে শিরোপার কাছাকাছি গিয়েও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
২০০৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বাংলাদেশ বিদায় নেয় প্রথম রাউন্ডে। তার পরের বছর অর্থাৎ ২০০৯ সালে ঢাকায় সেমিফাইনালে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৩৪ঘ.
bdnews24