২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির চেয়ে নেইমার ভালো: পেলে

লিওনের মেসির চেয়ে নেইমারকে অনেক বেশি ভালো ও পুর্ণাঙ্গ খেলোয়াড় বলে মনে করছেন পেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 05:01 PM

ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিওনের মেসির চেয়ে নেইমারকে অনেক বেশি ভালো ও পুর্ণাঙ্গ খেলোয়াড় বলে মনে করছেন পেলে। বর্তমান ফুটবল দুনিয়ায় মেসিকে প্রায় সবাই সেরা খেলোয়াড় বলে মনে করে থাকেন। কিন্তু পেলে তা মানেন না। তিনি মনে করেন, স্যান্তোস ‘স্ট্রাইকার’র মতো দক্ষ নন মেসি। “দু’জনের মধ্যে যদি তুলনা করা হয়, তাহলে আমার মনে হয় নেইমার অনেক বেশি ভালো, অনেক বেশি পূর্ণাঙ্গ, দুই পায়েই চমৎকার শট নিতে পারেন, ড্রিবল করতে পারেন দুই পাশে আর সব চেয়ে যেটা বড় প্রয়োজন, সেই গোল করে যাচ্ছেন তিনি সমান তালে,” বলেন ব্রাজিলের তিনবারের বিশ্বকাপ জয়ের নায়ক। ব্রাজিল বিশ্বকাপ জিতেছে মোট পাঁচবার। পেলে বলেন, “মেসি খুবই ভালো। কিন্ত তার খেলা নির্ভর করে কোথায় তিনি খেলছেন তার ওপর। বার্সেলোনা হয়ে মেসি খুবই ভালো খেলেন। কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেন না তিনি। কিন্তু নেইমার স্যান্তোসের হয়ে যেমন খেলেন, জাতীয় দলের হয়েও ঠিক তেমনই খেলেন।” তবে পেলে সাফ জানিয়ে দেন, ফুটবল মাঠে তার অর্জিত সাফল্যকে পেছনে ফেলার সামর্থ্য বিশ্বের কোনো খেলোয়াড়ের নেই। এমন কি, নেইমারের নেই। তার নিজের ভাষায়, “আমার চেয়ে ভালো? তিনি (নেইমার) হতে পারেন। (কিন্তু) পেলের মতো? কেউ হতে পারবেন না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১০ ঘ.