ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিডেটের কোচের দায়িত্ব নিতে নাইজেরিয়ার সাবেক তারকা ফুটবলার এমেকা ইউজিগো এখন ঢাকায়। বুধবার সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছান তিনি।
এমেকা অবশ্য একা আসেননি, সঙ্গে নিয়ে এসেছেন স্বদেশী চার ফুটবলারকেও। তারা হলেন স্ট্রাইকার যোসেফ, দুই মিডফিল্ডার কেনেডি ও মিডফিল্ডার ডেভিড এবং ডিফেন্ডার ডিভিকে।
চার জনই নাইজেরিয়ার স্থানীয় লিগে খেলেন।
মোহামেডানের পরিচালক লোকমান হোসেন জানান, “এমেকা মোহামেডানের সাবেক ফুটবলার। খেলোয়াড় হিসেবে তিনি মোহামেডানকে অনেক সাফল্য এনে দিয়েছিলেন। আশা করি কোচ হিসেবেও দেবেন।”
গত মৌসুমের কোচ শফিকুল ইসলাম মানিককে বিদায় করে এমেকাকে নিয়ে এসেছে মোহামেডান। গতবার তরুণদের নিয়ে গড়া অপেক্ষাকৃত দুর্বল দল নিয়েও মোহামেডানকে কোটি টাকার টুর্নামেন্ট সুপার কাপের ফাইনালে নিয়ে যান মানিক। মোহামেডান কর্তৃপক্ষের উপেক্ষার পর মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রে যোগ দেন তিনি।
এ প্রসঙ্গে লোকমান হোসেন বলেন, “মানিক মোহামেডানের স্থায়ী সদস্য। তাই তার কোচ হওয়াটা কি সমীচীন হবে? আমরা চাই না ক্লাবের কোনো কর্মকর্তা কোচ হোক।”
এর আগে ২০০৫ সালেও মোহামেডানের কোচের দায়িত্ব নেয়ার কথা ছিলো এমেকার। সেবারও তিনি কয়েকজন ফুটবলার নিয়ে এসেছিলেন। কিন্তু কর্মকর্তাদের সঙ্গে বনিবনা না হওয়ায় দায়িত্ব না নিয়েই ফিরে যান। যাওয়ার আগে কর্মকর্তাদের সম্পর্কে বিষোদগারও করে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯১৮ঘ.
bdnews24