২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তানদার কোচের বিদায়

নির্ধারিত সময়ের আগেই কোচ হেক্টর কুপার ও লা লিগার দল রেসিং সান্তানদারের মধ্যে সম্পর্ক চুকে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 08:09 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্ধারিত সময়ের আগেই কোচ হেক্টর কুপার ও লা লিগার দল রেসিং সান্তানদারের মধ্যে সম্পর্ক চুকে গেছে। ভালেন্সিয়া ও ইন্টার মিলানের সাবেক কোচ কুপার ও সান্তানদার কর্তৃপক্ষ পারস্পরিক সম্মতিতে এই সিদ্ধান্ত নেয়। সান্তানদারে কোচ হিসেবে পাঁচ মাস কাজ করলেও সাফল্যের মুখ বলতে গেলে দেখেনইনি কুপার। পয়েন্ট তালিকায় দলটি রয়েছে সব দলের নিচে। ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, “কাজের সম্পর্কের সমাপ্তি টানতে রাজি হয়েছে বোর্ড ও কোচ, উভয় পক্ষ। বৈঠকে বসে তারা এই সিদ্ধান্ত নেন। এতে আলোচনা করা হয় দলের বর্তমান সমস্যা নিয়ে।” “অবশেষে উভয় পক্ষ সম্মত হয় যে তাদের আলাদা হয়ে যাওয়াই সমস্যা সমাধানের সব চেয়ে ভালো উপায়,” যোগ করা হয় বিবৃতিতে। ৫৬ বছর বয়সী কুপারের সঙ্গে চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের গ্রীষ্ম পর্যন্ত। তবে তার অধীনে দিনকাল মোটেও ভালো যাচ্ছিল না সান্তানদারের। এ পর্যন্ত লা লিগায় ১৩ খেলায় তার দল জেতে মাত্র একটিতে। সান্তানদারের পরের খেলা পয়েন্ট তালিকার দ্বাদশ দল ভিয়ারিয়ালের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৫৪ ঘ.