ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড কার্লোস তেভেজকে দলে টানতে আগ্রহী ইতালি চ্যাম্পিয়ন এসি মিলান। তবে আগামী জানুয়ারিতে দলবদলের সময় তাকে ধারে নিতে চাওয়ার কথা জানিয়েছেন মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গ্যালিয়ানি।
গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচ চলার সময় কোচ রবার্তো মানচিনির নির্দেশে ওয়ার্ম-আপ করতে অস্বীকৃতি জানান তেভেজ। তারপর থেকে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে আর কোনো ম্যাচেই মাঠে নামায়নি ম্যান সিটি। বরং ক্লাবটি তাকে বিক্রি করতেই আগ্রহী।
স্ট্রাইকার আন্তনিও কাসানো হৃদযন্ত্রে অস্ত্রোপচারের জন্য প্রায় মাসখানেক ধরে মাঠের বাইরে। তার শূণ্যস্থান পূরণ করতেই তেভেজকে দলে টানার কথা ভাবছে মিলান।
এ প্রসঙ্গে গ্যালিয়ানি বলেন, “তেভেজ কি আমাদের দলে আসবে? দেখা যাক। এখনো তো হাতে সময় আছে।”
“তবে জানুয়ারিতে যে-ই আসুক তাকে ধারে নিয়ে আসবো আমরা। তবে অবশ্যই কেনার অধিকারসহ,” যোগ করেন তিনি।
এসি মিলানের প্রতিবেশী ইন্টার মিলানও তেভেজের ব্যাপারে আগ্রহী বলে গুঞ্জন রয়েছে। তবে সোমবার এ ব্যাপারে ইন্টার সভাপতি মাসিমো মোরাত্তিকে প্রশ্ন করা হলে ‘দেখা যাক’ বলে বিষয়টি এড়িয়ে যান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪২ঘ.
bdnews24