ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি সন্তোষজনক বলে মনে করেন নিকোলা ইলিয়েভস্কি। জাতীয় দলের মেসিডোনীয় কোচের দৃঢ় বিশ্বাস, বাংলাদেশ অন্তত সেমিফাইনালে খেলবে। এমনকি ফাইনালে ওঠার ব্যাপারেও তিনি আশাবাদী।
সোমবার ইলিয়েভস্কি বলেন, “আমি অতি আত্মবিশ্বাসী নই। আবার নৈরাশ্যবাদীও নই। আমরা কাউকেই কোনো রকম ছেড়ে দেবো না। জয়ের প্রত্যয় নিয়েই প্রতিটি ম্যাচ খেলতে নামবো আমরা।”
“প্রতিটি ম্যাচ লড়াকু মানসিকতা নিয়ে খেলতে পারলে শেষ চারে যাওয়ার ব্যাপারে আমি আশাবাদী। এমনকি আমরা ফাইনালে খেললেও অবাক হওয়ার কিছু থাকবে না,” যোগ করেন ইলিয়েভস্কি।
ইলিয়েভস্কিসহ ৫ জন দেরিতে ভিসা পাওয়ায় কলকাতায় বাংলাদেশ দলের দুটি প্রস্তুতি ম্যাচই বাতিল হয়ে গেছে। এ সম্পর্কে তিনি বলেন, “যা হয়নি তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার কিছু নেই। আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো। বাকি যে সময় আছে তাতে প্রস্তুতি আরো ভালো হবে।”
২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিত হবে নবম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ২ ডিসেম্বর প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ৪ ডিসেম্বর নেপাল এবং ৬ ডিসেম্বর মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রতিযোগিতার দুটো সেমিফাইনালই হবে ৯ ডিসেম্বর। ১১ ডিসেম্বর হবে ফাইনাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৬ঘ.
bdnews24