ঢাকা, নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রেকর্ড ষষ্ঠবারের মতো এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালের শিরোপা জিতে টেনিস-জীবনের শততম ফাইনালটি স্মরণীয় করে রাখলেন রজার ফেদেরার।
রোববার আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পাননি জো উইলফ্রেড সোঙ্গা। ৬-৩, ৬-৭ (৬) ও ৬-৩ গেমে হার মানতে হয় ফেদেরারের কাছে। এটি ফেদেরারের ৭০তম শিরোপা।
খেলা শেষে ফেদেরার বলেন, “এটা নিঃসন্দেহে মৌসুমের চমৎকার সমাপ্তি। এর আগে আমি এভাবে কখনোই বছর শেষ করতে পারিনি।
পুরো সপ্তাহটা কেটেছে ফেদেরারের স্বপ্নের মতো। আট খেলোয়াড়ের এই প্রতিযোগিতায় গ্র“প পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালকে তো স্রেফ উড়িয়ে দেন ৬-৩ ও ৬-৩ সেটে।
এর আগে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে দুই সেট পিছিয়ে পড়েও ফেদেরারকে হারিয়েছিলেন সোঙ্গা। এর আগে আর কোনো খেলোয়াড় এভাবে ফেদেরারকে হারাতে পারেননি। কিন্তু এবার আর বিস্ময় উপহার দিতে পারেননি সোঙ্গা। তাই হার মেনেই বিদায় নিতে হয় তাকে কোর্ট থেকে।
এদিকে দ্বৈতের শিরোপা জিতেছেন বেলারুশের ম্যাক্স মিরনাই ও কানাডার ড্যানিয়েল নেস্টর জুটি। তারা ৭-৫ ও ৬-৩ গেমে হারান পোল্যান্ডের মারিউৎজ ফাইরস্তেনবার্গ ও মার্সিন মাতকোভস্কি জুটিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪৪ ঘ.
bdnews24