ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকিয়ো বরিসভের ক্ষেত্রে খেলতেন কথাটি বলা যাচ্ছে না, কারণ বুলগেরিয়ার প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি অপেশাদার একটি লিগে খেলা চালিয়ে যাচ্ছিলেন।
শৌখিন খেলায়াড় হিসেবে খেলা চালিয়ে যান অনেকেই, তবে সবাই তো বরিসভের মতো নয়। বরিসভ এখন দেশের সেরা ফুটবলার হওয়ার দৌড়েও শামিল। যুক্তরাজ্যের ডেইলি মিরর বলছে, সেরা ফুটবলার নির্বাচনের জরিপে দিমিতার বার্বাতোভের পর রয়েছেন বরিসভ।
এ ধরনের জরিপে এই প্রথম একজন সৌখিন খেলোয়াড় সমান তালে লড়ছেন পেশাদারদের সঙ্গে।
৩০ বছর বয়সি বার্বাতোভ খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। আর ৫২ বছর বয়সি বরিসভের দলে নাম ভিতোশা বিসত্রিতসা।
বুলগেরিয়ার ফুটবল অনুরাগীরা আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত সেরা খেলোয়াড় নির্বাচনে ভোট দেবেন। প্রথম ১০ জনের মধ্য থেকে সেরা ফুটবলার নির্বাচন করবেন দেশটির ক্রীড়া সাংবাদিকরা।
বরিসভ শুধু ফুটবল খেলোয়াড়ই নন, ২০০৯ সালে রাজনীতিতে জড়ানোর আগ পর্যন্ত দেশের কারাতে দলের প্রশিক্ষকও ছিলেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দিন এখন ভালো যাচ্ছে না বরিসভের, পেনশন ভাতা কমানো নিয়ে দেশবাসীর সমালোচনায় আছেন তিনি। তবে তা যে খেলোয়াড় বরিসভকে স্পর্শ করেনি, তা জরিপেই স্পষ্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১০০ ঘ.
bdnews24