২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা জটিলতা: আবার পেছালো জাতীয় দলের ভারতে যাওয়া

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভারতে যাওয়া আবারও পিছিয়ে গেছে। রোববারও কোচ, সহকারী কোচ এবং তিন ফুটবলার ভিসা পাননি। তাই বাংলাদেশ দলের ভারতে যাওয়া অনেকটাই অনিশ্চয়তায় মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভারতে যাওয়া আবারও পিছিয়ে গেছে। রোববারও কোচ, সহকারী কোচ এবং তিন ফুটবলার ভিসা পাননি। তাই বাংলাদেশ দলের ভারতে যাওয়া অনেকটাই অনিশ্চয়তায় মধ্যে। ভিসা না পাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কর্মকর্তারা ভীষণ হতাশ। বাফুফে সহ-সভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদল রায় বলেন, “এখন ভিসা পাওয়ার ওপরেই সব কিছু নির্ভর করছে। সোমবার ভিসা পাওয়া গেলে তার পর দিন দল রওয়ানা দেবে। ভিসা পাওয়াই এখন সবচেয়ে বড় প্রশ্ন।” “একজনও ভিসা না পেলে ভারতে আমরা দলই পাঠাবো না। কারণ বিষয়টা পুরো দলের, কোনো ব্যক্তির নয়,” যোগ করেন তিনি। বাংলাদেশ দলের মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কি, সহকারী কোচ শামসুজ্জামান ইউসুফ, গোলরক্ষক মামুন খান, মিডফিল্ডার তৌহিদুল আলম ও ডিফেন্ডার রেজাউল করিমকে রোববার ভারতীয় দূতাবাসের ভিসা দেয়ার কথা ছিলো। তাই সকালেই গুলশানে অবস্থিত ভারতীয় দূতাবাসে গিয়ে উপস্থিত হন বাফুফের মিডিয়া ম্যানেজার আশিকুর রহমান । কিন্তু তাকে দূতাবাসের ভেতরেই ঢুকতে দেয়া হয়নি। সারা দিন দূতাবাসের সামনে রাস্তায় বসে থেকে সন্ধ্যায় তিনি ফিরে আসেন। এ নিয়ে বাংলাদেশ দলের ভারতে যাওয়া দুবার পেছালো। শুক্রবার সকাল সাড়ে ৮টায় কলকাতার উদ্দেশে জাতীয় দলের রওয়ানা দেয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় তারা যেতে পারেনি। একই কারণে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার বিমানের টিকেট কিনেও তাদের পক্ষে যাওয়া সম্ভব হলো না। কলকাতায় জাতীয় দলের দুটি প্রস্তুতি ম্যাচই তাই বাতিল হয়ে গেছে। ২৬ নভেম্বরের ম্যাচটি বাতিল হয়ে যায় আগেই। রোববারের মধ্যে যেতে পারলে ২৮ নভেম্বরের প্রস্তুতি ম্যাচটি খেলতে পারতো তারা। কিন্তু তা না হওয়ায় এই ম্যাচও হচ্ছে না। দিল্লিতে সাফ ফুটবল শুরু হবে ২ ডিসেম্বর থেকে। ফাইনাল ১১ ডিসেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯১০ ঘ.